ভোটাধিকার হরণসহ রাষ্ট্রের মৌলিক চরিত্র গুম করেছে সরকার: প্রিন্স

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৫১ পিএম

ভোটাধিকারসহ মানবাধিকার হরণ করে সরকার রাষ্ট্রের মৌলিক চরিত্র গুম করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

শনিবার ময়মনসিংহের হালুয়াঘাটে পুরাতন বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এমন অভিযোগ করেন।

প্রিন্স বলেন, ‘তারা (সরকার) দেশকে গভীর অন্ধকারে নিয়ে যাচ্ছে । নিজেদের অবৈধ-অনৈতিক শাসন দীর্ঘায়িত করতে ফ্যাসিবাদ কায়েম করে গুম, খুনসহ নৈরাজ্য সৃষ্টি করেছে। এ অবস্থা অনন্তকাল ধরে চলতে পারে না।’

তিনি বলেন, সরকার নিজেদের অপকর্মের কারণে র‍্যাব ও এর সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা ডেকে এনেছে। এসব আড়াল করতে এখন বিএনপির বিরুদ্ধে নির্লজ্জ মিথ্যাচার করছে। একজন মার্কিন আইনপ্রণেতার বক্তব্য খণ্ডিত ও বিকৃতভাবে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়াচ্ছে। এসব করে সরকার দেশকে গভীর অন্ধকারে নিয়ে যাচ্ছে।

সম্প্রতি হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্স এ দরপত্র ছিনতাইয়ের ঘটনা উল্লেখ করে প্রিন্স বলেন, আওয়ামী সরকার সুশাসনকে কবরস্থ করে দুঃশাসন কায়েম করেছে, যেখানে স্বচ্ছতা, নিয়ম-নৈতিকতার বালাই নাই। আছে শুধু নৈরাজ্য, গুম, খুন, অধিকার হরণ, দুর্নীতি, লুটপাট, ছিনতাই, চাঁদাবাজি।

উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিএনপি নেতা আলী আশরাফ, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি আবদুল আজিজ খান, উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান আসিফ, হালুয়াঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন খান, জেলা যুবদল নেতা হুমায়ুন কবির, আবদুল মালেক সোহান, সোহেল আজাদ, মোতালেব হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর আরেফীন পাপন, কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবদুল হান্নান, জাসাস সভাপতি শফিকুল ইসলাম, মৎস্যজীবী দলের আহ্বায়ক মোশাররফ হোসেন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মশিউজ্জামান, তাঁতী দলের আহ্বায়ক আকিকুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান দুলাল, পৌর ছাত্রদলের সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর, জেলা ছাত্রদল নেতা এম বি রায়হান প্রমুখ বক্তব্য রাখেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত