মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসের স্ত্রী অমৃতার দাবি, মুম্বাইয়ের প্রবল যানজট বাড়াচ্ছে বিবাহ বিচ্ছেদের প্রবণতা। তার দাবি, দেশের বাণিজ্যিক রাজধানীতে অন্তত ৩ শতাংশ বিবাহ বিচ্ছেদের কারণ যানজট।
অমৃতার কথায়, একজন সাধারণ নাগরিক হিসাবে আমি এ কথা বলছি। বাইরে বেরোলেই রাস্তায় গর্ত, যানজট-সহ বেশ কিছু সমস্যা দেখতে পাই। যানজটের কারণে মুম্বাইয়ের নাগরিকেরা তাদের পরিবারকে সময় দিতে পারেন না এবং এরই জেরে ৩ শতাংশ বিবাহ বিচ্ছেদ হয়।
শিবসেনা-এমসিপি-কংগ্রেস জোট সরকারের সময় মুম্বাই তথা মহারাষ্ট্রের রাস্তাঘাটের বেহাল দশা হয়েছে বলে ইঙ্গিত করেই এমন মন্তব্য করেছিলেন মহারাষ্ট্রের বিরোধী দলনেতা দেবেন্দ্রর স্ত্রী অমৃতা।
তার এ মন্তব্যের পেছনে রাজনীতি নেই বলে দাবি করে অমৃতা বলেন, ভুলে যান আমি প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী। একজন সাধারণ মহিলা হিসেবে এটাই আমার অভিজ্ঞতা।
অমৃতার ওই মন্তব্যের ভিডিও প্রকাশের সাথে সাথেই শুরু হয় রাজনৈতিক বিতর্ক। শিবসেনার রাজ্যসভা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী অমৃতার নাম না করে টুইটারে লেখেন, ‘দিনের সেরা কুযুক্তি দেওয়ার পুরস্কার সেই মহিলা পাবেন যিনি বলেন, ৩ শতাংশ মুম্বাইবাসী রাস্তায় যানজটের কারণে বিবাহ বিচ্ছেদ করছেন! বিচ্ছেদে মনোনিবেশ না করে বরং একটু ছুটি নিন। বেঙ্গালুরুবাসী এমন খবর পড়বেন না। আপনাদের দাম্পত্যের পক্ষে মারাত্মক হতে পারে।’
