বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, ‘দেশকে রাজনীতিহীন করার নীলনকশার অংশ হিসেবে বর্তমান সরকার তাদের লালিত সন্ত্রাসীদের দ্বারা খুন, জখম, হত্যা, গুম, দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজির মতো অপকর্ম করাচ্ছে। এর মাধ্যমে দেশে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে।’
শনিবার দলটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব মন্তব্য করেন।
বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘নাটোর জেলাধীন গুরুদাসপুর থানা বিএনপির আহ্বায়ক এবং ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ আসনে ধানের শীষের এমপি প্রার্থী আব্দুল আজিজের ওপর চিহ্নিত আওয়ামী সন্ত্রাসীরা বর্বরোচিত হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেছে। তিনি এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সন্ত্রাসীদের দ্বারা এই ন্যক্কারজনক ও কাপুরুষোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে দেশবাসী এখন গভীর শঙ্কার মধ্যে দিনাতিপাত করছে। সরকারদলীয় সন্ত্রাসীদের দাপটে দেশে ধারাবাহিকভাবে বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর জুলুম-নির্যাতন অব্যাহত রয়েছে। দেশকে রাজনীতিহীন করার নীলনকশার অংশ হিসেবেই সরকার এমন ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠেছে। আর এসব দুর্বিষহ অবস্থা থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে ফেরাতেই বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর রক্তাক্ত হামলা চালানো হচ্ছে। নাটোরে আব্দুল আজিজের ওপর আওয়ামী সন্ত্রাসীদের পৈশাচিক হামলা সেটিরই নিরবচ্ছিন্ন অংশ।’
বিবৃতিতে বর্তমান সরকারের চলমান ভয়াবহ অবস্থা থেকে নিস্তার পেতে দলমত-নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান মির্জা ফখরুল।
পাশাপাশি আব্দুল আজিজের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান এবং তার আশু সুস্থতা কামনা করেন বিএনপি মহাসচিব।
