দিনাজপুর কোতয়ালী থানা-পুলিশের টহল ভ্যানের ধাক্কায় আহত শিক্ষা বোর্ডের উচ্চমান সহকারী (ক্যালিগ্রাফি) মোছা. সুফিয়া খাতুন (৪২) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু করণ করেছেন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্স ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।
নিহতের ভাই কেবিএম কলেজের সহকারী অধ্যাপক আব্দুস সবুর জানায়, গত ৩০ জানুয়ারি রবিবার জেলা শিক্ষা বোর্ড অফিস থেকে বিকেল ৪টায় অটোযোগে শহরের চৌরঙ্গী মোড়ে এসে নামে। সেখানে একটি বেকারীতে ছেলে মেয়েদের জন্য বিস্কুট কিনে রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে ছিলেন। এ সময় সুইহারীর দিক থেকে আসা একটি পুলিশ টহল ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সুফিয়া খাতুনকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় প্রচণ্ড আঘাত পান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করেন।
তিনি আরও জানান, অবস্থার অবনতি হলে তাকে জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। সেখানে নিউরো চিকিৎসক তার মাথায় অপারেশন করেন। কিন্তু সুফিয়া খাতুনের জ্ঞান ফেরেনি। সেখানে ৬ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
সুফিয়া বেগম কালিতলা মহল্লার প্রভাষক মো. মোস্তাফিজুর রহমানের স্ত্রী। শনিবার বাদ যোহর গ্রামের বাড়ি বিরল উপজেলার গগনপুর চৌরাস্তা জানাজা নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়।
কোতয়ালী থানার ওসি মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
