ডাকাতি করা গরু দিয়ে খামার গড়ে তোলেন সর্দার বাচা

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১০:০৭ পিএম

এলাকার সবাই তাকে চেনেন গরুর খামারি হিসাবে। প্রকৃতই তিনি গরুর খামারি, নিজের রয়েছে গরুর একটি বড় খামার। তবে খামার নিজের হলেও বেশির ভাগ গরুই অন্যের গরু যা বিভিন্ন স্থান থেকে চুরি করে আনা হতো। এভাবে ব্যবসা ভালোই চলছিল। কাল হলো অতি লোভে পড়ে।

বাড়ি করার জন্য রডের প্রয়োজন। ডাকাতি করে রড জোগাড় করে ফেলেন তিনি। তবে শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়লেন আন্তজেলা ডাকাত দলের সর্দার চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গড়দুয়ারা গ্রামের মহিউদ্দিন শিবলু বাচা (৪৫)।

শুক্রবার সীতাকুণ্ডের বায়েজিদ লিংক রোড থেকে তাকে আটক করে পুলিশ।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির আদ্যোপান্ত কাহিনি পুলিশের কাছে স্বীকার করেন বাচা।

তার দেওয়া তথ্যের সূত্র ধরে সীতাকুণ্ড থানার ইন্সপেক্টর তদন্ত সুমন বণিক জানান, ২০১৮ সালে নির্বাচনের আগে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি। সে সময় দুটি ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল কেনেন তিনি। ১৮ সালের ২৫ ডিসেম্বর পিস্তলসহ পুলিশের হাতে ধরা পড়লে এক বছর জেল খাটেন। জেলে পরিচয় হয় আন্তজেলা ডাকাত দলের অনেক সদস্যের সঙ্গে। এরপর জামিনে বের হয়ে নিজেই গড়ে তোলেন একটি ডাকাত দল। হয়ে যান দলীয় প্রধান। ঘরে বসে নেতৃত্ব দিলেও নিজে অংশ গ্রহণ করতেন না। ডাকাতি শেষে দলের সদস্যরা তার কাছে ডাকাতির মালপত্র বুঝিয়ে দিলে তিনি ভাগ-বাঁটোয়ারা করে দিতেন।

তিনি আরও জানান, দলের সদস্যরা আটক হলে তাদের জামিনের ব্যবস্থাও করতেন তিনি। তার একটা গরুর খামার ছিল। যেখানে দেশের বিভিন্ন স্থান থেকে চুরি করে আনা গরুগুলোকে কিছুদিন রেখে পরে সুবিধাজনক সময়ে বিক্রি করে দেওয়া হতো। এলাকার সবাই তাকে বর্তমানে গরুর খামারি বলেই জানেন।

সুমন বণিক জানান, ২৬ জানুয়ারি রাতে রডের গাড়ি ডাকাতি করার উদ্দেশ্যে সীতাকুণ্ড আসে তার বাহিনী। এ দিন সুবিধা করতে না পেরে পরদিন রাতে আবারও আসে তারা। সেদিন একটি রডের গাড়ি ডাকাতি করতে সক্ষম হয় তার দল। এ ঘটনায় দায়েরকৃত মামলার তদন্ত করতে গিয়ে শুক্রবার রাতে মহিউদ্দিন শিবলু বাচাকে আটক করে পুলিশ। এর আগে তার বাড়ি থেকে ডাকাতি করা রড উদ্ধার করে পুলিশ। শনিবার বিকেলে চট্টগ্রাম ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত