সাংবিধানিকভাবে দেশের সনাতনী (হিন্দু) সম্প্রদায়কে সংখ্যালঘু হিসেবে স্বীকৃতি দেওয়ার মহলবিশেষের দাবির তীব্র বিরোধিতা করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। এ দাবিকে মুক্তিযুদ্ধের চেতনার সম্পূর্ণ পরিপন্থী হিসেবে দেখছে ঐক্য পরিষদ। গতকাল শনিবার সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্তের পাঠানো এক বিবৃতিতে বলা হয়, জনগণনার দিক থেকে বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও আদিবাসী সম্প্রদায় ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু হতে পারে। কিন্তু তারা জন্মগতভাবে সংখ্যালঘু নয়। তারা সাংবিধানিকভাবে ‘বাঙালি’।
বিবৃতিতে জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, সংখ্যালঘু সুরক্ষা আইন ও বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন এবং সমতলের আদিবাসীদের জন্য ভূমি কমিশন গঠনের যে অঙ্গীকার করেছিল তা অনতিবিলম্বে কার্যকর করতে সরকারের কাছে জোর দাবি জানানো হয়।
