উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী প্রয়াত লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিতাভ বচ্চনরা লতার বাড়িতে পৌঁছেছেন। এর আগে লতারে বাড়িতে যাওয়ার খবর টুইট করে নিজেই জানিয়েছেন মোদি। খবর: হিন্দুস্তান টাইমস
ভারতের পাঁচ রাজ্যে ভোটের প্রচার বাতিল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির তরফে বাতিল করা হয়েছে একাধিক রাজ্যের ইশতেহার প্রকাশ, প্রচার কর্মসূচি।
সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ মুম্বাইয়ের শিবাজি পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে লতাজির।
এর আগে টুইট করে মোদি লেখেন, ‘লতা দিদিকে শেষ শ্রদ্ধা জানাতে কিছুক্ষণের মধ্যে মুম্বাই যাচ্ছি।’ এর আগে সকালে ভারতের নাইটিঙ্গেলের মৃত্যুর খবর পেয়েই একাধিক টুইটে নিজের দুঃখপ্রকাশ করেন মোদী। এরপর উত্তর প্রদেশের জনতার উদ্দেশে ভার্চুয়াল ব়্যালিতে ভোট প্রচার না করে মোদী লতা বন্দনায় মগ্ন হন।
মোদী বলেন, ‘স্বর্গে চলে গিয়েছেন লতা দিদি। আমার মতো অনেকেই গর্ব করে বলবে যে তার সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আপনি যেখানেই যান না কেন, আপনি সর্বদা লতাদির প্রিয়জনকে খুঁজে পাবেন। তার সুরেলা কণ্ঠ সর্বদা আমাদের সঙ্গে থাকবে, আমি তাকে ভারাক্রান্ত হৃদয়ে শ্রদ্ধা জানাই।’
এর আগে সকালে টুইট করে প্রধানমন্ত্রী লিখেছিলেন, ‘আমি লতা দিদির কাছ থেকে সব সময় অগাধ স্নেহ পেয়ে এসেছি। এটাকে আমি আমার সম্মান বলে মনে করি। তার সঙ্গে আমার আলাপচারিতা অবিস্মরণীয় হয়ে থাকবে। লতা দিদির প্রয়াণে আমি আমার সহ নাগরিকদের সঙ্গে শোকাহত। তার পরিবারের সঙ্গে কথা বলেছি এবং সমবেদনা জানিয়েছি।’
মোদী আরও লেখেন, ‘তিনি আমাদের দেশে এমন এক শূন্যতা রেখে দিয়ে চলে গেলেন যা কখনো পূরণ করা যাবে না। ভবিষ্যৎ প্রজন্ম তাকে ভারতীয় সংস্কৃতি জগতের একজন অকুতোভয় মানুষ হিসেবে মনে রাখবে। তার সুরেলা কণ্ঠে মানুষকে মন্ত্রমুগ্ধ করার এক অতুলনীয় ক্ষমতা ছিল।’
