রাজধানীর মিরপুরে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনায় জড়িত সিকিউরিটি এজেন্সির দুই কর্মচারী ভুয়া পরিচয়ে চাকরি নেন। বেস্ট সিকিউরিটি সার্ভিস লিমিটেড নামের ওই প্রতিষ্ঠান কোনো রকম যাচাই-বাছাই ছাড়াই তাদের নিয়োগ দেয় বলে পুলিশের তদন্তে উঠে এসেছে। জড়িত ওই দুজন হলেন গার্ড শাহ আলম ও সুইপার মনির।
এদিকে গতকাল রবিবার রাত ৮টা পর্যন্ত চুরির সঙ্গে জড়িত কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
গত শুক্রবার গভীর রাতে মিরপুর-১৪ নম্বর কচুক্ষেত এলাকার রজনীগন্ধা টাওয়ারের ‘রাঙাপরী জুয়েলার্স’-এর শোরুম ও স্টোররুমে চুরির ঘটনা ঘটে। ডিএমপির ভাষানটেক থানায় করা মামলায় দোকান মালিক আবুল কালাম ভূঁইয়া দাবি করেন, চোরেরা দোকানের তালা কেটে ৩০০ ভরি সোনা, ৩০ লাখ টাকা মূল্যের ডায়মন্ড ও নগদ ৫ লাখ টাকা নিয়ে গেছে।
ভাষানটেক থানার ওসি দেলোয়ার হোসেন গতকাল রাতে দেশ রূপান্তরকে বলেন, চুরির ঘটনায় ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা সিকিউরিটি এজেন্সির গার্ড শাহ আলম ও সুইপার মনির জড়িত রয়েছে। এরাসহ মোট চারজন চুরিতে অংশ নেয়। শাহ আলম গত বছরের ২০ ডিসেম্বর এবং মনির চলতি মাসের এক ফেব্রুয়ারি চাকরি নেন। সিকিউরিটি এজেন্সি কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়া তাদের নিয়োগ দিয়েছে। এ বিষয়ে বেস্ট সিকিউরিটি সার্ভিস লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা মো. মাহবুবের সঙ্গে যোগযোগ করা হলে ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন। পরে একাধিকবার ফোন করলেও রিসিভ করেননি।
