প্রার্থিতা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে জায়েদ খানের আবেদন

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১১:৫৯ এএম

আপিল বোর্ডের প্রার্থিতা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন জায়েদ খান। সোমবার তার আইনজীবী নাহিদ সুলতানা যুথি বিষয়টি নিশ্চিত করেছেন। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এ আবেদন করা হয়েছে।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফলে সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছিলেন জায়েদ খান। কিন্তু গত ৫ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে আনা অভিযোগের প্রেক্ষিতে আপিল বোর্ড জায়েদের প্রার্থিতা বাতিল করে।

প্রতিদ্বন্দ্বী প্রার্থী চিত্রনায়িকা নিপুণের অভিযোগ আমলে নিয়ে নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান জায়েদের প্রার্থিতা বাতিল করেন ও নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে জয়ী ঘোষণা করেন।

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন। এর প্রাথমিক ফলাফলে সভাপতি পদে জয়ী হন ইলিয়াস কাঞ্চন, এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন জায়েদ খান।

তবে পরবর্তীতে জায়েদ খানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠে। অভিযোগটি তোলেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নায়িকা নিপুণ। নির্বাচনে ‘ভোট কেনার’ অভিযোগ তুলে নবনির্বাচিত সাধারণ সম্পাদক জায়েদ খানের প্রার্থিতা বাতিলের আবেদন করেছিলেন পরাজিত প্রার্থী নিপুণ আক্তার। এই পদে পুনরায় ভোটের দাবিও তুলেছিলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত