বুধবার থেকে শতভাগ আসনে যাত্রী নিয়ে চলবে ট্রেন

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৪১ পিএম

সব আসনে যাত্রী নিয়ে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। আগামী বুধবার থেকে শতভাগ আসনে যাত্রী নিয়ে ট্রেন চলবে।

সোমবার রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, করোনার অমিক্রন ধরনের সংক্রমণ এখন নিম্নমুখী। ইতিমধ্যে টিকাদান কার্যক্রমও জোরদার করা হয়েছে। মানুষ টিকা নিয়ে ট্রেনে ভ্রমণ করছেন। এতে ট্রেনে যাত্রীর চাপ বেড়েছে। যাত্রী চাহিদা পূরণের স্বার্থে শতভাগ আসনে যাত্রী পরিবহনের সিদ্ধান্ত হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে কাউন্টারে অর্ধেক ও বাকি অর্ধেক টিকিট অনলাইন বা অ্যাপে বিক্রি করা হবে। আন্তনগর ট্রেনের স্ট্যান্ডিং টিকিট ও স্টেশনের প্ল্যাটফর্ম টিকিট ইস্যু সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। তবে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে আন্তনগর ট্রেনে খাবার পরিবেশন ও রাতে বেডিং সরবরাহ করা যাবে।

দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সব ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান এবং সমাবেশে নিষেধাজ্ঞা দেয় সরকার। এরপরই গত ১৫ জানুয়ারি থেকে অর্ধেক আসনে যাত্রী নিয়ে ট্রেন চলাচল করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত