বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ’র কোনো কর্মকর্তার জরুরি বদলিতে রাজনৈতিক তদবির কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার দুপুরে বিআরটিএ’র প্রধান কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, ‘বিআরটিএ’তে কোনো কর্মকর্তার জরুরি বদলির প্রয়োজন হলে তা নিয়মের মধ্যে করা হবে। তবে এ নিয়ে কোনো রাজনৈতিক তদবির কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।’
সড়কে শৃঙ্খলা না আসলে যতই উন্নয়ন হোক তাতে কোনো লাভ হবে না উল্লেখ করে তিনি বলেন, তাই যেকোনো মূল্যে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।
বিআরটিএ থেকে যেকোনো মূল্যে দালালের দৌরাত্ম্য দূর করারও নির্দেশ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
এছাড়া আগামী চার মাসের মধ্যে অপেক্ষমাণ গ্রাহকদের লাইসেন্স প্রদান শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।
এ সময় বিআরটিএ’র চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদারসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
