সড়কের মধ্যে বৈদ্যুতিক খুঁটি, দুর্ঘটনার শঙ্কা

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১১:৪৯ পিএম

খুলনা নগরীতে সড়ক ও ড্রেন সংস্কারের বড় দুটি প্রকল্প বাস্তবায়নের কারণে রাস্তা প্রশস্ত হওয়ায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কের মাঝে চলে এসেছে বৈদ্যুতিক খুঁটি। এসব খুঁটি সরাতে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। এতে সড়কে চলাচল করা যানবাহন বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা তৈরি হয়েছে। যদিও ছোটখাটো কিছু দুর্ঘটনা প্রতিনিয়তই ঘটছে। এছাড়া খুঁটি স্থানান্তর না করায় সড়ক প্রশস্ত করার সুফল থেকে বঞ্চিত হচ্ছে নগরবাসী।

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) সূত্র জানায়, নগরীর সড়ক ও ড্রেনগুলোর বেশিরভাগই বেহাল দশায় পরিণত হওয়ায় সামান্য বৃষ্টিতেই জলযট আর ভাঙাচোরা সড়কে নিত্য ভোগান্তি পোহাতে হয়। এ ভোগান্তির নিরসনে ড্রেন সংস্কারে ৮২৩ কোটি এবং সড়ক মেরামতে ৬০৭ কোটি টাকার পৃথক দু’টি প্রকল্প গ্রহণ করে কেসিসি। বর্তমানে প্রকল্প দু’টির কাজ চলমান রয়েছে। কিন্তু প্রকল্পের আওতায় সড়ক প্রশস্ত হওয়ায় বেশিরভাগ সড়কের বৈদ্যুতিক খুঁটিগুলো সড়কের ভেতরে চলে এসেছে।

সরেজমিনে রূপসা স্ট্যান্ড সড়ক ও সাউথ সেন্ট্রাল সড়কসহ আরও কয়েকটি সড়কে দেখা গেছে, প্রকল্পের আওতায় নতুন ছোট-বড় ড্রেন নির্মাণের ফলে সড়ক ও বাঁকগুলো আগের তুলনায় অনেক চওড়া হয়েছে। এতে সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটিগুলো সড়কের মধ্যে চলে এসেছে। ফলে যে কোনো সময় খুঁটিগুলোতে যানবাহনের ধাক্কা লাগতে পারে।

রূপসা স্ট্যান্ড সড়কে বাইকচালক মনিরুল ইসলাম বলেন, ‘বাস-ট্রাকের মতো বড় যানবাহনগুলোকে সাইড দিতে সড়কের পাশে চলে যেতে হয়। একটু অসাবধান হলেই বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লাগে। অনেক সময় দেখি রিকশাগুলো ধাক্কা খায় খুঁটিতে। তাই দ্রুত এগুলো সরিয়ে নেওয়া প্রয়োজন।’

সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর খুলনা জেলার সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা বলেন, ‘প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সঙ্গে বৈদ্যুতিক খুঁটি ও অন্যান্য স্থাপনাও অপসারণ করতে হবে। নতুবা অর্থের অপচয় হবে। সড়ক বৃদ্ধির সুফল মানুষ পাবে না।’

কেসিসি নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জাহিদ হোসেন শেখ বলেন, ‘ড্রেন নির্মাণে জরুরি ভিত্তিতে যে খুঁটিগুলো সরানো প্রয়োজন সেগুলো সরাতে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডকে (ওজোপাডিকো) চিঠি দিলে তারা স্থানান্তর করছে। তবে সড়কের ভেতরে আসা বৈদ্যুতিক খুঁটি সরানোর কোনো পরিকল্পনা আপাতত নেই।’

ওজোপাডিকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহীন আক্তার পারভীন বলেন, ‘করপোরেশনের প্রধান প্রকৌশলী যে খুঁটি সরাতে চিঠি দিচ্ছেন সেগুলো সরিয়ে নেওয়া হচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত