আরএসএসের যে কর্মসূচির ‘প্রশংসা করেছিলেন’ খোদ প্রণব মুখার্জি

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩৩ এএম

ভারতের ক্ষমতাসীন বিজেপির মাতৃ-সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ- আরএসএসের নাগপুরের অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া বিতর্ক আবার সামনে নিয়ে এসেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত।

রবিবার এক অনুষ্ঠানে ‘হিন্দুত্ব এবং জাতীয় সংহতি’ নিয়ে কথা বলতে গিয়ে ওই প্রসঙ্গ তোলেন তিনি।

গত ২০১৮ সালে আরএসএসের মঞ্চে প্রণব মুখার্জিকে আমন্ত্রণ জানানো নিয়ে ভাগবত বলেন, প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। তার সঙ্গে দেখা করতে গিয়ে ধর্মান্তরিত হিন্দুদের স্বধর্মে ফেরানো (ঘরওয়াপসি) নিয়ে জবাব দিতে অনেক প্রস্তুতিও নিয়ে গিয়েছিলেন। কারণ এই নিয়ে তখন সংসদে ঝড় চলছিল।

ভাগবত ভেবেছিলেন, এ প্রসঙ্গে প্রণব মুখার্জির প্রশ্নের সামনে পড়তে হবে তাকে। কিন্তু কোনো প্রশ্নেরই মুখোমুখি হতে হয়নি।

তিনি বলেন, ‘উল্টে প্রণববাবুই বলেন, আমরা ঘরওয়াপসি না করলে দেশের ৩০ শতাংশ মানুষ দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যেত।’

আরএসএস প্রধান আরও দাবি করেন, ওই সময়ে আমেরিকা প্রসঙ্গেও তাকে বেশ কিছু কথা বলেছিলেন সাবেক রাষ্ট্রপতি।

‘তিনি বলেছিলেন, আমেরিকা আমাদের ধর্মনিরপেক্ষতার কথা বলছে, ভারতের সংবিধানই তো বিশ্বের সবচেয়ে ধর্মনিরপেক্ষ’ যোগ করেন ভাগবত।

তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া কংগ্রেসের সাবেক সাংসদ ও প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ মুখার্জির কাছে এ বিষয়ে জানতে চাইলে আনন্দবাজারকে তিনি বলেন, ‘আমি এই কথোপকথনের ব্যাপারে অবহিত নই। তাই এই নিয়ে কোনো মন্তব্য করবো না।’

ভারতের ১৩তম রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আমৃত্যু ধর্মনিরপেক্ষ হিসেবে পরিচিত কংগ্রেসের রাজনীতি করেন। তিনি ২০২০ সালের ৩১ আগস্ট মারা যান।

এর আগে গত ২০১৮ সালে উগ্র হিন্দুত্ববাদী হিসেবে পরিচিত আরএসএসের অনুষ্ঠানে প্রণব মুখার্জির প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ দেশটিতে রাজনৈতিক বিতর্ক তৈরি করেছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত