ভারতে চরমপন্থীদের বিরুদ্ধে হিজাব পরা ছাত্রীর প্রতিবাদ ভাইরাল

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৪৬ পিএম

ভারতে হিজাব পরা এক কলেজছাত্রীর প্রতিবাদের ভিডিও ভাইরাল হয়েছে। মঙ্গলবার কর্নাটকের এক কলেজের ছাত্রী বোরখা ও হিজাব পরে বিরোধীদের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করেন।

ভিডিওতে দেখা যায়, কর্নাটকের পিইএস কলেজে হিজাব পরা একটি মেয়ে মোটরসাইকেলে প্রবেশ করে। তাকে দেখে গেরুয়া কাপড় উঁচিয়ে স্লোগান দেয় একদল ছাত্র। তাদের গালি দিতেও শোনা যায় বলে ভারতীয় সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়। কলেজ প্রশাসন মেয়েটিকে ওই দল থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। 

তবে মেয়েটি তাদের সামনেই মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে 'আল্লাহু আকবর' স্লোগান দিতে থাকেন। 

সাম্প্রতিক সপ্তাহগুলিতে ভারতের কর্নাটকের বিভিন্ন স্কুলে হিজাব পরা মুসলিম ছাত্রীদের নিয়ে বিতর্ক দেখা দেয়। যেখানে বেশ কয়েকটি স্কুল হিজাব পরা মেয়েদের ক্লাসরুম বা কলেজ ক্যাম্পাসে প্রবেশ করতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। এরপর ঘটনা গড়ায় আদালত পর্যন্ত। মঙ্গলবার আদালতে শুনানির দিনে কর্নাটকজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

ভারতের জম্মু ও কাশ্মীর পিপলস ডেমোক্রেটিক পার্টির (জেকেপিডিপি) সভাপতি মেহবুবা মুফতি ভাইরাল ওই ভিডিও টুইটারে শেয়ার করেন। তিনি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ইসলাম বিরোধী বক্তব্যকে অভিযুক্ত করেন। 

তিনি বলেন, এ ধরনের ঘটনাগুলিকে বিচ্ছিন্নভাবে দেখা উচিত নয় কারণ বিজেপি আশা করে যে এসবের মধ্য দিয়ে তারা ইউপি [উত্তরপ্রদেশ] নির্বাচনে ফল লাভ করবে।

গেরুয়া রঙের কাপড় বিজেপির প্রতীক হয়ে উঠেছে। 

সর্বশেষ সোমবার কর্নাটকের একটি সরকারি কলেজে দলিত সম্প্রদায়ের শিক্ষার্থীরা মুসলিম নারী শিক্ষার্থীদের হিজাব পরার অধিকারের পক্ষে নীল হিজাব পরে বিক্ষোভ করে। একই দিনে চিক্কামাগালুরুর আইডিএসজি কলেজে শিক্ষার্থীদের নীল ওড়না এবং গেরুয়া ওড়না পরা নিয়ে সংঘর্ষ হয়। হিজাবের বিরুদ্ধে যারা প্রতিবাদ করছে তারা গেরুয়া ওড়না পরে আসে। 

সংঘাত ছড়িয়ে পড়ার পর রাজ্যটির অন্তত দু’টি কলেজ বন্ধ ঘোষণা করা হয়।

হিজাব সংক্রান্ত মামলা গড়ায় কর্নাটকের হাইকোর্টে। সেখানে এ-সংক্রান্ত মামলার শুনানি চলছে। এর আগেই এ ইস্যুতে পারদ চড়ছে বিজেপি শাসিত ওই রাজ্যে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত