মহামারি পরিস্থিতিতে বাংলাদেশকে দেওয়া যুক্তরাষ্ট্রের টিকা অনুদান সাড়ে ৪ কোটি ডোজ ছাড়িয়েছে। যা সামনে বাড়তে থাকবে। দেশটির ঢাকা দূতাবাসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় দূতাবাসের সোশ্যাল মিডিয়া পেজে জানানো হয়, কারোনাভাইরাস প্রতিরোধী ফাইজারের টিকার আরও ৬০ লাখ ডোজ বাংলাদেশকে অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র।
এ নিয়ে দেশটি বাংলাদেশকে সাড়ে ৪ কোটির বেশি ডোজ টিকা দিয়েছে। আগামী দিনগুলোতে এ অনুদান অব্যাহত থাকবে।
দূতাবাসের ফেসবুক পেজে এদিন বলা হয়, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ফাইজারের আরও ৬০ লাখ ডোজ কভিড-১৯ টিকা অনুদান দিয়েছে। এর ফলে বাংলাদেশকে দেওয়া যুক্তরাষ্ট্রের মোট টিকা অনুদান সাড়ে ৪ কোটি ডোজ ছাড়াল এবং এটি দেশের প্রত্যন্ত এলাকায় বসবাসকারী মানুষদের জীবন রক্ষাকারী টিকাদান প্রচেষ্টা ত্বরান্বিত করতে সহায়তা করবে।’
আরও বলা হয়, ‘সবাই নিরাপদ না হওয়া পর্যন্ত আমরা নিরাপদ নই এবং আমাদের কাজ এখনো শেষ হয়নি। যুক্তরাষ্ট্র থেকে আরও লাখ লাখ টিকা আসার পথে রয়েছে এবং এখনো আমরা সবাই এই লড়াইয়ে শামিল।’
বাংলাদেশ নিজস্ব অর্থায়নে কয়েকটি কোম্পানি থেকে টিকা কিনছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশ থেকে কোভ্যাক্সের আওতায় বিনামূল্যে টিকা পেয়েছে।
