উইন্ডিজকে বিশ্বকাপ জেতানো ব্রাথওয়েটের ঘরে ‘স্বর্গের গোলাপ’

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ০১:৫৯ পিএম

প্রথমবারের মতো বাবা হলেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার কার্লোস ব্রাথওয়েট। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) এক কন্যা সন্তানের জন্ম দেওয়ার খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত তিনি ও তার স্ত্রী।

কন্যার নাম রাখা হয়েছে ‘ইডেন রোজ ব্রাথওয়েট’। সন্তানের নাম ‘স্বর্গের গোলাপ’ রাখারও কারণ আছে। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্যারিবিয়ানদের শিরোপা জেতানোর পথে সবচেয়ে বড় অবদান রেখেছিলেন ব্রাথওয়েট।

বিশ্বকাপ জিততে ইনিংসের শেষ ওভারে উইন্ডিজের দরকার ছিল ১৯ রান। বেন স্টোকসের করা সেই ওভারের প্রথম চার বলে ৪ ছয় হাঁকিয়ে দুই বল বাকি থাকতে ক্যারিবিয়ানদের জয় এনে দেন তিনি। ৩৩ বছর বয়সী তারকা ফাইনালে এই অবিশ্বাস্য ইনিংস খেলেছিলেন কলকাতার ইডেন গার্ডেনে।

এই ভেন্যু যে স্মরণীয় হয়ে আছে ব্রাথওয়েটের জীবনে! তার থেকে অনুপ্রাণিত হয়ে মেয়ের নামও রাখলেন ইডেন রোজ। এই দম্পতি সন্তান জন্ম দেন গত রবিবার (৬ ফেব্রুয়ারি)। এর দুই দিন পর সদ্যোজাত সন্তানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেন ব্রাথওয়েট ও তার স্ত্রী। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত