ঢাবির এসএম হলে ছাত্রের গায়েহলুদ, পাত্রী রোকেয়া হলের

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১১:১৪ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে (এসএম হল) আয়োজিত গায়েহলুদের অনুষ্ঠান ফেসবুকে ভাইরাল হয়েছে। 

বাংলা বিভাগের স্নাতকোত্তরের ছাত্র হাবিবুর রহমান রবিনের সহপাঠীদের উদ্যোগে করা এই আয়োজনে হলের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী এবং হল শাখা ছাত্রলীগের সাবেক-বর্তমান নেতারাও অংশ নেন। হাবিবুর রহমানের গ্রামের বাড়ি টাঙ্গাইলে। পাত্রী তারই সহপাঠী রোকেয়া হলের।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নামের একটি ফেসবুক গ্রুপে এ এম তানভীর নামের এক শিক্ষার্থী লিখেছেন, জামাই হলের (এসএম হল) সঙ্গে রোকেয়া হলের এই সম্পর্ক চিরন্তন হোক। 

বৃহস্পতিবার দুপুরে আয়োজনটি ফেসবুক লাইভে সম্প্রচার করেন এসএম হল সংসদের সাবেক ভিপি এম এম কামাল উদ্দীন। সেখানে হাবিবুর রহমান বলেন, ‘ছাত্রজীবনে বিয়ের মতো সিদ্ধান্ত নেয়া আমাদের সামাজিক প্রেক্ষাপটে মোটেও সহজ ছিল না। তবু আমরা দুই পরিবারকে বোঝাতে সক্ষম হয়েছি। অবশেষে সবার দোয়ায় কিছু একটা হতে যাচ্ছে। সবার কাছে দোয়া চাই।’

হাবিবুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, ‘বাড়িতে বিয়ের আয়োজন হলে বন্ধুদের সবাই উপস্থিত হতে পারবেন না। তাই আমার সহপাঠীরা ক্যাম্পাসে ব্যতিক্রমী এই গায়েহলুদের আয়োজন করেছে। এ আয়োজনের জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। ক্যাম্পাসে এমন আয়োজন করতে পেরে সত্যি খুব ভালো লাগছে।’

হাবিবুর রহমান ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছেন এসএম হল শাখা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাহসান আহম্মেদ। 

তবে এসএম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. মজিবুর রহমান বলেন, ‘গায়েহলুদ নয়, এটি একটি ফিল্মের শুটিংয়ের অনুষ্ঠান ছিল। শুটিংয়ের কথা বলেই এর অনুমতি নেওয়া হয়েছে। ছাত্রলীগের ছেলেরা এতে অংশ নিয়েছে।’

গায়েহলুদের আয়োজক জানান, তারা হল প্রশাসনের কাছ থেকে সেভাবে কোনো অনুমতি নেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত