চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি হয়েছেন আবু মোহাম্মদ আবুল হাশেম ও সাধারণ সম্পাদক এএইচএম জিয়া উদ্দিন। তারা দুজনেই আওয়ামী লীগ সমর্থিত প্যানেল সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী।
সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০টি পদে জয়ী হয়েছে সমন্বয় পরিষদ। অন্যদিকে বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ পেয়েছে ৯টি পদ।
বৃহস্পতিবার রাত দেড়টায় ভোট গণনা শেষে ফল ঘোষণা করেন মুখ্য নির্বাচনী কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী।
সভাপতি আবু মোহাম্মদ আবুল হাশেম পেয়েছেন ২ হাজার ৯৩ ভোট। প্রতিদ্বন্দ্বী ঐক্য পরিষদের প্রার্থী মো. নাজিম উদ্দিন চৌধুরী পেয়েছেন ২ হাজার ৫৮ ভোট।
১ হাজার ৯৫৭ ভোট নিয়ে টানা তৃতীয়বার সাধারণ সম্পাদক হয়েছেন এএইচএম জিয়া উদ্দিন। ঐক্য পরিষদের মো. আবদুস সাত্তার সারোয়ার পেয়েছেন ১ হাজার ৬২৬ ভোট। আরেক প্রার্থী কিশোর কুমার দাশ পেয়েছেন ৫৬২ ভোট।
সহসভাপতি পদে সমন্বয় পরিষদের আজিজ উদ্দিন হায়দার, অর্থ সম্পাদক সালাউদ্দিন মনসুর চৌধুরী রিমু, লাইব্রেরি সম্পাদক পদে মো. জাহিদুল ইসলাম চৌধুরী এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক হয়েছেন মেজবাহ উদ্দিন।
আইনজীবী ঐক্য পরিষদের মোহাম্মদ শফিক উল্লাহ সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন। সহসাধারণ সম্পাদক হয়েছেন আরশাদুর রহমান রিটু ও সাংস্কৃতিক সম্পাদক লায়লা নূর।
এ ছাড়া তৌহিদুল বারী চৌধুরী, এএনএম রোকনুজ্জামান মুন্না, মো. খোরশেদ আলম, মো. মোস্তফা করিম, তৌহিদুল ইসলাম, আবদুল্লাহ-আল-মামুন, বিলকিস আরা, আইনুল কামাল, শ্যামল চৌধুরী ও সেলিনা আক্তার সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে ভোটগ্রহণ হয়। নির্বাচনে ৫ হাজার ২০০ জন ভোটারের মধ্যে ৪ হাজার ১৯৩ জন ভোট দিয়েছেন।
এবারের নির্বাচনে সমিতির ১৯টি পদের জন্য দুই প্যানেলে ৩৮ জন এবং স্বতন্ত্র একজনসহ মোট ৩৯ জন প্রার্থী ভোটে লড়েন।
