মাথায় ৪ ইঞ্চি লম্বা একটি শিং গজিয়েছে এক বৃদ্ধের। এ নিয়ে তাকে সামাজিক ও শারীরিকভাবে অস্বস্তির মধ্যে পড়তে হয়েছিল বৃদ্ধকে। শেষ পর্যন্ত অস্ত্রোপচারে মুক্তি পেলেন তিনি। খবর: হিন্দুস্তান টাইমস
ভারতের মধ্যপ্রদেশের রহলি গ্রামের বাসিন্দা শ্যামলাল যাদব। বছর পাঁচেক আগে মাথা ফেটে গিয়েছিল তার। সেই ফাটা জায়গাতেই বাড়তে থাকে এই ‘শিং’। প্রথম প্রথম বিষয়টি তিনি বুঝতেন না। তখন নাপিতের কাছে গিয়ে ওই অংশটি চাঁচিয়ে পরিষ্কার করে নিতেন। কিন্তু পরে সেটিই বাড়াবাড়ি আকার ধারণ করে। তাতেই চিকিৎসকের কাছে যেতে বাধ্য হন এই বৃদ্ধ।
চিকিৎসকেরা বলছেন, এই বৃদ্ধিকে বলা হয় ‘ডেভিল হর্ন’। এটি এক ধরনের টিউমার। চুল এবং নখ গঠনকারী কেরাটিন প্রোটিনের মাত্রাতিরিক্ত ক্ষরণের ফলে এই জাতীয় টিউমার হয়। মাথায় ছাড়াও শরীরের অন্যত্রও হতে পারে এই বৃদ্ধি।
আপাতত শ্যামলাল যাদব সুস্থ। তবে এই সমস্যা ফিরে আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকেরা।
তারা জানান, পুরোপুরি ভাবে সমস্যার সমাধানের জন্য কেমোথেরাপি বা রেডিয়েশন থেরাপির সাহায্য নিতে হতে পারে পরে।
