সুতায় ঝুলছে ঢাকার প্লে-অফ ভাগ্য

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১২:০০ এএম

সাকিব আল হাসান ম্যাচসেরার রেলগাড়ি ছুটিয়েই চলছেন। কবে থামবেন কে জানে! টানা পঞ্চম ম্যাচসেরার দিনে কাল হারালেন মিনিস্টার ঢাকাকে। বরিশাল অধিনায়কের দ্যুতিতে ঢাকার শুধু হারই নয়, প্লে-অফ ভাগ্যটাও ঝুলে গেল। পা-বদের লড়াইয়ে সাকিব একাই হারিয়ে দিলেন মাহমুদউল্লাহ-তামিমকে। ঢাকার দেওয়া ১২৯ রানের সহজ লক্ষ্য ১৫.৩ ওভারে সহজেই টপকে যায় বরিশাল। সাকিব ২৯ বলে ৫১ রানে অপরাজিত ছিলেন। ৮ উইকেটের জয়ে ১০ ম্যাচ থেকে ১৫ পয়েন্টে শীর্ষে উঠেছে বরিশাল।  

দুর্ভাগা ওমরজাই বরিশালের ইনিংসের ১২তম ওভারটিতে দিয়েছেন ২৩ রান। ক্রিকেটে ওভারে এরচেয়েও বেশি রান দেওয়ার নজির আছে। কিন্তু কাল ওই ওভারেই যে ঢাকার জয়ের ক্ষীণ সম্ভাবনাও শেষ হয়ে যায়। ওই ওভারের আগ পর্যন্ত ৫৪ বলে ৫১ রান দরকার ছিল বরিশালের। সাকিব টানা ৫ বলে ৪-৬-৪-৪-৪ মেরে সমীকরণ ৪৮ বলে ২৮-এ টেনে আনেন। ওই ওভারের পর আর পিছু ফিরতে হয়নি বরিশালকে। ২৮ রানে অপরাজিত থাকা শান্তকে নিয়ে তৃতীয় উইকেটে ৮৩ রানের জুটিতে জয় নিশ্চিত করেন। সাকিব-শান্ত জুটির আগে তৃতীয় ম্যাচের মতো ভালো শুরু এনে দেন ওপেনার মুনিম শাহরিয়ার। ২৫ বলে ৩টি করে ছক্কা ও চারে ৩৭ করেন।

শুরুতে ঢাকার ইনিংস এক তামিম ইকবালের ব্যাটেই টিকে ছিল। দ্বিতীয় সর্বোচ্চ ২১ করে শুভাগত অপরাজিত ছিলেন। কিন্তু তামিম ৫০ বলে ৬৬ রান করেও দলের পক্ষে সুবিধা করতে পারেননি। ব্রাভো, রানা ও শফিকুল তিনজনই ২টি করে উইকেট নেন।   

ম্যাচ শেষে টানা পাঁচবার সেরা হওয়ার রহস্য জানাতে গিয়ে হাস্যোজ্জ্বল সাকিব বললেন সব তার পক্ষে যাচ্ছে। এই হারে ৯ পয়েন্টে তিনে থাকলেও ঢাকার রানরেট ০.২২২ থেকে -০.০০৩-এ নেমেছে। চট্টগ্রামের ৮ পয়েন্টে -০.১৭২। খুলনারও ৮ পয়েন্টে -০.২১৪। প্লে-অফে যেতে হলে আজ চট্টগ্রাম বা খুলনার যেকোনো এক দলের হারের প্রার্থনা করতে হবে ঢাকাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত