জো বাইডেন প্রশাসন ইন্দোনেশিয়ার কাছে বড় অঙ্কের অর্থ বিনিময়ে অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। এ পদক্ষেপ ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় সহায়ক হবে বলে ধারণা যুক্তরাষ্ট্রের।
ভয়েস অব আমেরিকা জানায়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন অস্ট্রেলিয়া সফরের সময় বুধবার স্টেট ডিপার্টমেন্ট ১৩.৯ বিলিয়ন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ২০ কোটির টাকার উন্নত ফাইটার জেট বিক্রির ঘোষণা দিয়েছে।
গত ডিসেম্বরের মাঝামাঝি জাকার্তা সফরে ব্লিংকেন মানবাধিকার সংক্রান্ত উদ্বেগ সত্ত্বেও যুক্তরাষ্ট্র-ইন্দোনেশিয়া ঘনিষ্ঠ সম্পর্কের প্রশংসা করেন। এরপরই ইন্দোনেশিয়ার কাছে ৩৬টি এফ-১৫ যুদ্ধবিমান, ইঞ্জিন, যুদ্ধাস্ত্র ও কমিউনিকেশন সিস্টেমসহ এ সংক্রান্ত সরঞ্জাম বিক্রি করা হয়।
এর আগে মানবাধিকার সংক্রান্ত উদ্বেগের কারণে ইন্দোনেশিয়ার কাছে অস্ত্র বিক্রি বিলম্বিত হয়।
অ্যাসোসিয়েশন অফ সাউথ-ইস্ট এশিয়ান নেশনসের সদর দপ্তর ইন্দোনেশিয়ায়। এ সংগঠনের কিছু সদস্য রাষ্ট্র একটি প্রধান আন্তর্জাতিক শিপিং রুট দক্ষিণ চীন সাগরের বিতর্কিত এলাকায় চীনের পদক্ষেপ নিয়ে শঙ্কিত।
এখন অস্ত্র বিক্রির উদ্দেশ্য সম্পর্কে বলা হচ্ছে, প্রশান্ত মহাসাগরে চীনকে একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে না দেওয়ার যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা জোরদার হচ্ছে।
মানবাধিকার সংক্রান্ত ইস্যুর কারণে ইতিপূর্বে ইন্দোনেশিয়ার কাছে যুক্তরাষ্ট্রের সামরিক বিক্রয়ের বিষয়টি তদন্তাধীন ছিল।
