১২ দফা ঘোষণা দিয়ে শেষ হলো বাপা-বেন সম্মেলন

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১১:২৭ পিএম

গণমুখী এবং পরিবেশবান্ধব দেশের জ্বালানি নীতির ওপর গুরুত্ব দিয়ে শেষ হয়েছে দুই দিনব্যাপী বাপা-বেন সম্মেলন। এতে দেশের জ্বালানি নিরাপত্তা ও পরিকল্পনায় ১২ দফা ঘোষণা দেয়া হয়।

সম্মেলনে জ্বালানির বিভিন্ন বিষয় ছাড়াও জলবায়ু পরিবর্তন এবং স্থায়িত্বশীল উন্নয়নের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করা হয়।

শনিবার বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং বাংলাদেশ এনভায়রনমেন্ট নেটওয়ার্কসহ (বেন) ৪০টি পরিবেশবাদী সংগঠনের আয়োজনে দুই দিন ব্যাপী এই সম্মেলন শেষ হয়। স্টামফোর্ড ইউনিভার্সিটিতে ‘জ্বালানি, জলবায়ু পরিবর্তন, এবং স্থায়িত্বশীল উন্নয়ন’ বিষয়ক এই সম্মেলনে মোট ৬০ টি গবেষণাপত্র উপস্থাপিত হয়েছে।

সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক রেহমান সোবহান বলেন, এনার্জি সেক্টরেও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় টেকসই উন্নয়ন নীতির বাস্তবায়ন করা দরকার। বিদ্যুৎকেন্দ্র নির্মাণে চাহিদার বিষয়কে মাথায় রেখে কাজ করতে হবে, যাতে তা যথাযথভাবে গ্রহীতার নিকট পৌঁছায়। আমাদের দেশ প্রাকৃতিক গ্যাসের উপর ভাসছে। কয়লা, প্রাকৃতিক গ্যাস এবং জ্বালানির ক্ষেত্রে আমাদের আর্থ-রাজনৈতিক সমস্যাগুলোকে মাথায় রেখে এগোতে হবে।

অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, উন্নয়নের আগে বিবেচনা করতে হবে পরিবেশকে, যাতে টেকসই উন্নয়ন নিশ্চিত হয়। তিনি টেকসই উন্নয়নের জন্য জাতীয় সক্ষমতা বৃদ্ধি করার দাবি জানান। তিনি বলেন, দেশের উন্নয়ন পরিকল্পনাগুলো তৈরি হচ্ছে করপোরেট স্বার্থকে সামনে রেখে যার প্রভাব পড়ে সাধারণ মানুষ এবং পরিবেশের উপরে।

গণতান্ত্রিক বাজেট আন্দোলনের সাধারণ সম্পাদক মনোয়ার মোস্তফা বলেন, ১৪৮টি বেসরকারি বিদ্যুৎকেন্দ্র আমরা বসিয়ে রেখেছি আমাদের ভুল নীতি ও দুর্নীতির কারণে। এই সকল বিদ্যুৎকেন্দ্রের ক্যাপাসিটি চার্জ হিসাবে খরচ হয় ২০-২৫ হাজার কোটি টাকা। 

সম্মেলনে বিশেষজ্ঞ এবং সাধারণ অধিবেশনের সুপারিশমালা তুলে ধরেন বেনের প্রতিষ্ঠাতা ড. নজরুল ইসলাম এবং বাপার এমএস সিদ্দিকী। এ সময় সম্মেলনের খসড়া প্রস্তাবনা উপস্থাপন করেন বাপার সাধারণ সম্পাদক শরীফ জামিল।  

সম্মেলনের শেষ দিনের সমাপনী অধিবেশনে সম্মেলনকে ঘিরে আয়োজিত আলোকচিত্র প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত