২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে।
রবিবার দুপুর পৌনে ১২টার দিকে প্রধানমন্ত্রীর পক্ষে ফলাফলের অনুলিপি গ্রহণ করেন ডা. শিক্ষামন্ত্রী দীপু মনি।
এরপর প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফল প্রকাশের অনুষ্ঠানে যোগ দিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
মূল অনুষ্ঠানটি হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে। প্রধানমন্ত্রীর বক্তব্য শেষে সেখান থেকে ফলাফল ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী।
নির্ধারিত সময়ের প্রায় ৯ মাস পর গত ২ ডিসেম্বর ২ হাজার ৬২১টি কেন্দ্রে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু হয়। পরীক্ষার্থীর সংখ্যা ১৩ লাখ ৯৯ হাজার ৬৬৪ জন। এর মধ্যে ছাত্র ৭ লাখ ২৯ হাজার ৭৩৮ জন এবং ছাত্রী ৬ লাখ ৬৯ হাজার ৯৫২ জন।
বিশেষ পরিস্থিতিতে এবার সংক্ষিপ্ত সিলেবাসে গ্রুপভিত্তিক তিনটি নৈর্বচনিক বিষয়ে ছয়টি পত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সময় কমিয়ে দেড় ঘণ্টা করা হয়।
জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে বাংলা, ইংরেজির মত আবশ্যিক বিষয়গুলোর মূল্যায়ন করা হয়।
যেভাবে জানা যাবে ফল
বেলা ১২টা থেকে শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে এবং এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে।
এছাড়া পরীক্ষা কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করা যাবে।
পৃথক বিজ্ঞপ্তিতে শিক্ষা বোর্ডগুলো জানিয়েছে, বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইটে (www.educationboardresults.gov.bd) পরীক্ষার্থীর রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে এইচএসসি এবং সমমানের পরীক্ষার ফল পাওয়া যাবে।
মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২১ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসেই ফল পাওয়া যাবে।
আলিমের ফল পেতে ALIM লিখে স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২১ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
