হুট করে ছন্দপতন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। আসরের অন্যতম ফেভারিট দলটি গত দুই ম্যাচ হেরে চাপ ও দুশ্চিন্তায়। ওদিকে প্লে-অফের পথ হারানো চট্টগ্রাম টানা তিন জয়ে এখন ফাইনালের স্বপ্নে বিভোর। তারুণ্যের উজ্জীবনী শক্তি নিয়ে ছুটতে থাকা চট্টগ্রামকে নিয়ে সতর্ক কুমিল্লা। ব্যাকফুটে থেকেই আজকের দ্বিতীয় কোয়ালিফায়ারে চ্যালেঞ্জার্সকে থামানোর ছক কষছে তারা।
এই আসরের অন্যতম আলোচিত দল চট্টগ্রাম যেন সৌহার্দ্যরে প্রতীক। দলগত বন্ধনের দারুণ উদাহরণ রেখে বিরাট ভুলকে লুকিয়ে ফেলেছে দলটি। পুরো আসরে অসাধারণ পারফরম করে চলা তরুণদের একজন মৃত্যুঞ্জয় চৌধুরী। এ পেসার বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই ফাইনালে তাকিয়ে, ‘আমাদের বিশেষ পরিকল্পনা হলো জেতা। আমরা গত তিন ম্যাচ যেভাবে খেলেছি, প্রত্যেকে শতভাগ দিয়েছে। আমরা কালও ডু অর ডাই ম্যাচ খেলব, অবশ্যই ফাইনালে যাওয়া আমাদের লক্ষ্য। আমরা তরুণ দল। আমাদের ভুলভ্রান্তি হতেই পারে। শুরুতে কিন্তু আমরা ভালো অবস্থানে ছিলাম কিন্তু নিজেদের ভুলে পিছিয়ে পড়ি। কিন্তু সেখান থেকে আমরা ফিরে এসেছি এবং এই অবস্থানে এসেছি।’
ওপেনিংয়ে কুমিল্লাকে দারুণ সার্ভিস দেওয়া মাহমুদুল হাসান জয় চট্টগ্রামকে নিয়ে সতর্কতার কথাই জানালেন, ‘আমরা শেষ ম্যাচটা তেমন ভালো খেলিনি। এই ম্যাচে আরেকটি সুযোগ পেলাম। এটা কাজে লাগাতে হবে। চট্টগ্রাম দলটা বেশ ভালো, গত কয়েক ম্যাচ টানা জিতে ওরা ভালো অবস্থায় আছে, মানসিকভাবে এবং খেলার দিক থেকেও। আমরা যেহেতু হেরে এসেছি তাই আমাদের ভালো কিছু করতেই হবে।’
