রাস্তার পাশে পার্ক করা একটি বাসে হঠাৎ আগুন ধরে যায়। এসময় সেই বাসের ভেতর থাকা এক ব্যক্তি জীবন্ত পুড়ে মারা যায়। বাঁচার জন্য বারবার সাহায্য চাইলে কেউই এগিয়ে আসেনি। উল্টো সবাই এ ঘটনার ভিডিও ধারণ করে।
জানা গেছে, সোমবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, উত্তরপ্রদেশের একটি রাস্তায় মথুরার পুরোনো বাসস্ট্যান্ডে পার্ক করে রাখা বাসটিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
ওই বাসে অন্তত ৬০ জন যাত্রী ছিল। সোমবার সন্ধ্যা প্রায় ৬টা ৪৫ মিনিটে মথুরা পৌঁছায় বাসটি। সেখান থেকে আলিগড় যাওয়ার কথা ছিল বাসটির। তিন ঘণ্টা অপেক্ষা করার পর যাত্রীরা বাসে উঠে নিজেদের সিটে বসেন। কিন্তু কয়েক মিনিট পর বাসটিতে আগুন ধরে যায়। এরপর নিজেদের ব্যাগপত্র নিয়ে বাস থেকে লাফিয়ে পড়েন যাত্রীরা।
ভুক্তভোগী ব্যক্তি গাড়ির শেষ সারিতে বসেছিলেন। তিনি জরুরি জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করেন। কিন্তু অতিরিক্ত মোটা হওয়ার কারণে আটকে যান তিনি। এসময় আগুনে জীবন্ত পুড়ে মারা যান তিনি। সেই দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন শত শত মানুষ।
ঘটনার ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি বাসের জানালায় আটকে রয়েছেন। এসময় দাউ দাউ করে বাসটিতে আগুন জ্বলছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। আধা ঘণ্টার মধ্যে আগুন নেভাতেও সক্ষম হয় তারা।
দমকল বাহিনীর একজন কর্মকর্তা বলেন, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি। যে ব্যক্তির মৃত্যু হয়েছে, তার পরিচয় শনাক্ত করার চেষ্টা করছেন তারা। মাত্র কয়েক মিনিটের মধ্যেই পুরো বাসে আগুন ধরে গিয়েছিল বলে জানান তিনি।
