বিএনপির ভাইস চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাফসির আউয়াল কোথায় আছেন সে বিষয়ে জানতে চেয়েছে উচ্চ আদালত। তার বর্তমান অবস্থান হলফনামা আকারে ২৩ ফেব্রুয়ারির মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
কর ফাঁকিসংক্রান্ত আলোচিত প্যারাডাইস পেপার্স কেলেঙ্কারিতে বাংলাদেশিদের মধ্যে বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টু, তার স্ত্রী ফাতেমা নাসরিন আউয়াল, তাদের বড় ছেলে মো. তাবিথ আউয়াল, তাফসির আউয়ালের নাম রয়েছে।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধানের পরিপ্রেক্ষিতে তাফসিরের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছিল দুদক। পরে ওই নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন তিনি। গত বছর ৫ মে তাফসিরকে তিন মাসের জন্য বিদেশে যাওয়ার অনুমতিসহ তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার বৈধতা প্রশ্নে রুল দেয় হাইকোর্ট।
