বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল শুক্রবার। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শিরোপার অভিযানে মাঠে নামবে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে ৫টায়।
বিপিএলের এবারের আসরে এখন পর্যন্ত সবচেয়ে সফল দল বরিশাল। গ্রুপ পর্বে ১০ ম্যাচের ৭টিতে জিতেছে, হেরেছে দুটিতে। অন্যটি পরিত্যক্ত হয়। পরে প্লে-অফে প্রথম কোয়ালিফাইয়ারে কুমিল্লাকে ১০ রানে হারিয়ে সরাসরি ফাইনালের টিকিট পায় দলটি।
গ্রুপ পর্বে বরিশালের দুটি হারের একটি ছিল কুমিল্লা বিপক্ষে। টুর্নামেন্টের প্রথম পর্বে মিরপুরে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বরিশালকে ৬৩ রানে হারিয়েছিল ইমরুল কায়েসের নেতৃত্বাধীন কুমিল্লা।
বরিশালের সাতটির মধ্যে টানা জয় ছিল ছয়টি। সিলেট ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় পর্বে কুমিল্লাকে ৩২ রানে হারিয়ে মধুর প্রতিশোধ নিয়েছিল বরিশাল। পরে প্রথম কোয়ালিফাইয়ারে কুমিল্লার বিপক্ষে জয়সহ তাদের জয়ের ধারা সাত-এ পৌঁছায়।
এর মানে, টুর্নামেন্টে কুমিল্লার বিপক্ষে তিনবারের লড়াইয়ে এগিয়ে বরিশালই। তাই ফাইনালেও এগিয়ে থাকার পাশাপাশি এই আধিপত্য বজায় রাখতে মরিয়া বরিশাল।
ফাইনালের আগের দিন অফিশিয়াল ফটোসেশনে ছিলেন না বরিশাল অধিনায়ক সাকিব। তার অনুপস্থিতিতে নুরুল হাসান সোহান ফটোসেশনে আসেন।
এ সময় সোহান সাংবাদিকদের বলেন, ‘আমরা ভালো ছন্দে রয়েছি এবং একটানা কিছু ম্যাচ জিতেছি। তাই আমরা জয়ের মাধ্যমেই টুর্নামেন্ট শেষ করতে চাই।’
সোহান আরো বলেন, ‘কুমিল্লা ভারসাম্যপূর্ণ দল এবং পুরো টুর্নামেন্টে ভালো ক্রিকেট খেলেছে। আমার বিশ্বাস যারা ফাইনালে ভালো খেলবে, তারাই ট্রফি জিতবে। এত দিন আমরা ইউনিট হিসেবে খেলেছি। আমরা ফাইনালেও সেরাটা দিতে চাই।’
তৃতীয়বারের মতো কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে নেতৃত্ব দিচ্ছেন ইমরুল কায়েস। তার অধিনায়কত্বে কুমিল্লা শেষবার ২০১৯ সালে অনুষ্ঠিত বিপিএল ট্রফি জিতেছিল।
ইমরুল বলেন, ‘আশা করছি আমরা আবার ট্রফি জিতব। বরিশালের বিপক্ষে কোয়ালিফাইয়ারে হারার পর আমরা হতাশ হয়েছিলাম। কিন্তু দ্বিতীয় কোয়ালিফাইয়ারে ঘুরে দাঁড়ানোর পর আমরা আত্মবিশ্বাস অর্জন করেছি।’
আরো পড়ুন
