বান্ধবীকে নিয়ে ঘুরতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০৫:২৫ পিএম

রাতে বান্ধবীকে নিয়ে ঘুরতে গিয়ে চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে স্থানীয়রা ‘চোর বাঁচাতে পুলিশ’ স্লোগান দিতে থাকেন।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ‘মৃত’ ঘোষণা করেন।

গতকাল বৃহস্পতিবার রাত একটার দিকে ভারতের কলকাতার তরুণ প্রোমোটর ও নেতাজিনগর থানার বাসিন্দা অভীক মুখোপাধ্যায়কে (৩৫) এভাবে পিটিয়ে হত্যা করা হয়।

পুলিশ জানায়, সূত্রের খবর, অভীক মুখোপাধ্যায় বৃহস্পতিবার রাত একটার দিকে মোটরসাইকেলে বান্ধবী প্রিয়াঙ্কা সরকারকে নিয়ে বারুইপুরের একটি কলোনির কাছে গিয়েছিলেন। সেখানেই রাতের অন্ধকারে গ্রামবাসীরা তাদের দেখতে পেয়ে চোর সন্দেহে গণপিটুনি দেন।

পরে রাত দুইটার দিকে স্থানীয় থানা-পুলিশ ঘটনাস্থলে গেলে গ্রামবাসীরা পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ করেন। তারা অভিযোগ তোলেন, ‘চোরকে বাঁচাতে পুলিশ এসেছে’।

আনন্দবাজার অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, ‘প্রতিবেশী প্রিয়াঙ্কাকে নিয়ে রাতের বেলা বাইকে ঘুরতে বেরিয়েছিলেন। তারপরেই এই মর্মান্তিক ঘটনা। তবে অভীকের বন্ধুদের অভিযোগ, পরিকল্পনা করে তাকে খুন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত