প্রেমের টানে এসে ফিরতে হলো ভারতীয় কিশোরীকে!

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০১:৪২ এএম

‘প্রেমের টানে’ অবৈধ পথে সীমানা পেরিয়ে বাংলাদেশে আসা ভারতীয় কিশোরী মোছা. খুসনামাকে (১৭) পতাকা বৈঠকের মাধ্যমে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার সকালে তেলিপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ পুলিশের যৌথ বৈঠকে তাকে তার অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়। 

জানা গেছে, গত বৃহস্পতিবার সকালের দিকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উপজেলা সদরের মহানন্দা নদী পার হয়ে ঈদগাহ বস্তি এলাকায় পৌঁছায় ওই কিশোরী। পরে সে সর্দারপাড়ায় এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নেয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। কিশোরী আটকের খবর পেয়ে আব্দুল লতিফ নামে এক যুবক থানায় এসে তাকে নিজের স্ত্রী দাবি করেন। তবে বিয়ের কোনো প্রমাণপত্র দেখাতে পারেননি।

তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু ছায়েম মিয়া জানান, খুসনামা ভারতের উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার হরিয়ানি গ্রামে ইসমাইল হোসেনের মেয়ে। আব্দুল লতিফ ওরফে রকিব (২১) ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর রতনদীঘি গ্রামের ইসরাইল হোসেনের ছেলে।

জিজ্ঞাসাবাদে কিশোরী জানিয়েছে, ভারতের কেরালা রাজ্যের হাজী আলী নামের এক ব্যক্তির হোটেলে তার ভাইয়ের সঙ্গে কাজ করতেন রকিব। সেই সূত্র ধরেই একসময় তার সঙ্গে প্রেমের সম্পর্ক হয়। পরে তারা বিয়ে করেন। মাঝে রাকিব দেশে ফিরে আসে। তাই তিনিও বাংলাদেশে আসেন। 

ওসি আবু ছায়েম মিয়া বলেন, মেয়েটির এখনো বিয়ের বয়স হয়নি। তাই আমরা বিজিবিকে জানিয়ে মেয়েটির অভিভাবকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। বিজিবি যোগাযোগ করে বিএসএফের সঙ্গে। পরে মেয়েটির দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাবা-মাকে ডেকে তাদের হাতে বুঝিয়ে দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত