তড়িঘড়ি করে ইসি আইন জাতির সঙ্গে তামাশা: ড. কামাল

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৪৬ পিএম

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, তড়িঘড়ি করে নির্বাচন কমিশন গঠনের আইন, সার্চ কমিটি গঠন জাতির সঙ্গে তামাশা ও এক মহা প্রহসনমাত্র।

তিনি ভোটাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, মানুষকে ভোটাধিকারের পাহারাদার হতে হবে। এ জন্য মানুষকে সচেতন করতে হবে, পাড়া–মহল্লায় ঐক্য গড়ে তুলতে হবে।

শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘বর্তমান জাতীয় সংকট এবং সমাধানে নাগরিক ভাবনা’ শীর্ষক এক সেমিনারে ড. কামাল হোসেন এসব কথা বলেন।

নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত এই সেমিনারে সভাপতির বক্তব্যে ড. কামাল হোসেন বলেন, জনগণ এ দেশের মালিক। ভোটাধিকার মানুষের সবচেয়ে মূল্যবান অধিকার। এটি রক্ষা করার জন্য সক্রিয় ভূমিকা রাখতে হবে। না হলে যারা এই অধিকার থেকে জনগণকে বঞ্চিত করতে চায়, তারা সফল হয়ে যাবে।

ড. কামাল হোসেন বলেন, দেশ এখন সর্বগ্রাসী সংকটে নিমজ্জিত। রাষ্ট্রের সর্বক্ষেত্রে আজ ভগ্নদশা। জনগণের দাবি যখন নিরপেক্ষ নির্বাচনের জন্য একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন করা, তখন সরকার দেশের জাতির বিবেককে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তড়িঘড়ি করে আইন প্রণয়ন করেছে একটি সার্চ কমিটি গঠনের জন্য, যা নির্বাচন কমিশন গঠনের আইন বলে প্রচার করা জাতির সঙ্গে তামাশা ও এক মহা প্রহসনমাত্র।

সেমিনারে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলি খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল, গণফোরামের সাংসদ মোকাব্বির খান, আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত