জাপার প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি করপোরেশনের (রসিক) মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাকে নিয়ে কটূক্তি ও মিথ্যাচারের প্রতিবাদে বাংলাদেশ ছাত্র সমাজের বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল শনিবার রংপুর সেন্ট্রাল রোডস্থ জাতীয় পার্টির কার্যালয় থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পার্টি অফিসে এসে বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় এই সমাবেশ।
বিক্ষোভ মিছিলে রংপুর মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তুষার কান্তি ম-ল, ছাত্রলীগ নেতা শেখ আসিফ, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আতাউজ্জামান বাবুকে উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এর আগে রংপুর সিটি করপোরেশনের (রসিক) মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার বিরুদ্ধে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’-এর আমন্ত্রণপত্র ছুড়ে ফেলা এবং শহরজুড়ে চলচ্চিত্রটির প্রচারণায় লাগানো পোস্টার-ফেস্টুন নামিয়ে নিতে হুমকির অভিযোগ তুলেছে চলচ্চিত্রটির পরিবেশকসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন।
