সংবাদপত্র শ্রমিকদের বিপদে-আপদে বসুন্ধরা গ্রুপের পাশে থাকার ঘোষণায় কৃতজ্ঞতা জানিয়েছেন রাজশাহীর সংবাদপত্র শ্রমিকরা। গতকাল শনিবার রাজশাহী মহানগর সংবাদপত্র শ্রমিক ইউনিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
রাজশাহী মহানগর সংবাদপত্র শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সংবাদপত্র শ্রমিকদের পাশে থাকার ঘোষণা দিয়েছে দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। দুর্ঘটনা-অসুস্থতাসহ যেকোনো বিপদে পাশে থাকা ছাড়াও কোনো সংবাদপত্র শ্রমিকের মৃত্যুতে তার পরিবারকে নগদ ১ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর। গত ২৭ জানুয়ারি রাজধানী ঢাকায় অবস্থিত বসুন্ধরা আবাসিক এলাকায় ব্যবস্থাপনা পরিচালকের বাসভবনে এক মতবিনিময় সভায় এসব ঘোষণা দেন বসুন্ধরা গ্রুপের এমডি।
সংগঠনটির সভাপতি দুলাল হোসেনের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, দেশের সংবাদপত্রের ইতিহাসে এর আগে কেউ এভাবে সংবাদপত্র শ্রমিকদের পাশে এসে দাঁড়ায়নি।
