বাংলাদেশের সঙ্গে আকাশপথে যুক্ত হচ্ছে ত্রিপুরা

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১০:২১ এএম

আকাশপথে বাংলাদেশের সঙ্গে যুক্ত হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্য। আসাম ও মণিপুরের পরে এবার ত্রিপুরাও আন্তর্জাতিক বিমানের সুবিধা পাচ্ছে। ফলে ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে বিমান যোগাযোগ করতে পারবে ত্রিপুরা।

শনিবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব টুইট করে এমনটা জানিয়েছেন।

তিনি বলেন, ‘ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে আগরতলার যোগাযোগ শেষ পর্যন্ত হচ্ছে। ত্রিপুরার মানুষের স্বপ্ন পূরণের জন্য প্রধানমন্ত্রী ও অসামরিক বিমান পরিবহন মন্ত্রীকে আমার আন্তরিক ধন্যবাদ।’

হিন্দুস্তান টাইমস জানায়, প্রায় ৩০ হাজার বর্গ মিটার জায়গাজুড়ে তৈরি হয়েছে আগরতলার নতুন টার্মিনাল। খরচ হয়েছে প্রায় ৪৫০ কোটি টাকা। গোটা উত্তর-পূর্ব ভারতে বিমান যোগাযোগের উন্নতির জন্য ৩৪০০ কোটির প্রকল্প ধার্য করা হয়েছে। এর মধ্যে আগরতলাও অন্যতম।

এই প্রকল্পের আওতায় আন্তর্জাতিক বিমান যোগাযোগেরও প্রস্তাব রয়েছে। যেমন গুয়াহাটি-ব্যাংকক, গুয়াহাটি-ঢাকা, গুয়াহাটি-কাঠমান্ডু, গুয়াহাটি-হ্যানয়, ভুবনেশ্বর-ব্যাংকক, ভুবনেশ্বর-আবুধাবি, ভুবনেশ্বর-সিঙ্গাপুরসহ একাধিক আন্তর্জাতিক রুট খোলার ব্যাপারে কথাবার্তা চলছে।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী টুইটে জানান, বাংলাদেশের সঙ্গে প্রস্তাবিত এই বিমান যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে ত্রিপুরার পর্যটন ও বিমান যোগযোগ ব্যবস্থার ক্ষেত্রে একটা নতুন মাত্রা যোগ করবে। এতে বাংলাদেশের বাসিন্দাদেরও উপকার হবে। দু’দেশের মধ্যে মৈত্রীর বন্ধন আরও দৃঢ় হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত