বহুল প্রচলিত শব্দ যে ভাষাতেই আসুক গ্রহণ করতে হবে: প্রধানমন্ত্রী

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ০৯:১৫ পিএম

বিজ্ঞান গবেষণা এবং গবেষণালব্ধ জ্ঞান মানুষের কল্যাণে সহজভাবে ব্যবহারের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরিভাষা তৈরির পরিবর্তে পরিচিত শব্দ ব্যবহারের গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘যে শব্দগুলো বহুল প্রচলিত এবং আন্তর্জাতিকভাবে প্রচলিত, সেগুলো যে ভাষাতেই আসুক আমাদের সেটাই গ্রহণ করতে হবে।’

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে চার দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনকালে ভার্চ্যুয়াল ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘পরিভাষা ব্যবহার করতে গিয়ে পরে কোনো কিছুই বুঝবো না, বলতেও পারবো না, সেটা যেন না হয়। কারণ, সব জায়গায় প্রতিশব্দ বা পরিভাষা করতে হবে আমি সেটা বিশ্বাস করি না।’

পরিভাষা ব্যবহারে সতর্ক হওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘কনটেন্ট’র বাংলা শব্দ ‘আধেয়’; কিন্তু তা বললে অনেকেই বুঝবে না। কিন্তু ‘কনটেন্ট’ বললে বুঝবে।

শেখ হাসিনা বলেন, ‘বিজ্ঞানের এই যুগে বিজ্ঞান যেভাবে বিস্তার লাভ করছে, সেখানে পৃথিবীর বিভিন্ন দেশের ভাষাও রয়েছে, ইংরেজি, ফ্রেঞ্চ বা অন্য ভাষাও রয়েছে, যা এর ভেতর যুক্ত হয়ে গেছে। আর আমাদের বাংলা ভাষায় কিন্তু আট হাজার ভাষার শব্দ মিলে-মিশে গেছে।’

‘কাজেই এ ব্যাপারে খুব বেশি রক্ষণশীল না হয়ে প্রচলিত শব্দগুলো, প্রচলিত বিজ্ঞানের টার্মসগুলো ব্যবহার করেই বাংলা ভাষায় সহজভাবে বিজ্ঞান শিক্ষার ব্যবস্থা করা যেতে পারে’ যোগ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কাছে আমার এটা অনুরোধ থাকবে- মাতৃভাষা চর্চা এবং গবেষণার পাশাপাশি কীভাবে ভাষাকে মানুষের ব্যবহারের জন্য সহজলভ্য বা সহজবোধ্য করা যায় সে বিষয়টাও দেখতে হবে। এই বিষয়টা নিয়েও গবেষণা একান্তভাবে প্রয়োজন বলে আমি মনে করি।’

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। ভার্চ্যুয়ালি সংযুক্ত হয়ে বক্তৃতা করেন ইউনেস্কোর এ দেশীয় প্রতিনিধি এবং হেড অব অফিস বিয়েট্রেস কালডুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত