বাংলাদেশে বেদে জনগোষ্ঠীর ভাষা ‘ঠার’ নিয়ে একটি গবেষণা গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে ‘ঠার: বেদে জনগোষ্ঠীর ভাষা’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
বইটির লেখক বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক হাবিবুর রহমান। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কথাসাহিত্যিক, শিক্ষাবিদ, সংগঠক ও নাট্যজন অধ্যাপক ড. রতন সিদ্দিকী। আলোচনা করেন গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আনিসুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি কামাল চৌধুরী।
লেখক হাবিবুর রহমান বই লেখার পেছনের গল্প তুলে ধরে বলেন, ‘বেদে জনগোষ্ঠীদের জীবনমান উন্নয়নে কাজ করার সময় একদিন তাদের কথা শুনে এ বিষয়ে আগ্রহী হয়ে তাদের ভাষার উৎস নিয়ে কাজ করার ইচ্ছা পোষণ করি।’
বইটি প্রকাশ করেছে পাঞ্জেরী প্রকাশনস লিঃ, দাম : ৮০০ টাকা।
