শিবচরে শত্রুতায় বিষ প্রয়োগে পুকুরের মাছ মারার অভিযোগ

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ০৩:১২ পিএম

শিবচরে একটি পুকুরে হঠাৎ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠায় বিষ প্রয়োগের অভিযোগ করছেন ভুক্তভোগী মৎস্য চাষি।

বুধবার সকালে উপজেলার কাদিরপুর ইউনিয়নের তাহের ফকিরের কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে কাদিরপুর ইউনিয়নের তাহের ফকিরের কান্দি গ্রামের আব্দুল খালেক শনির পুকুরের সিলভারকার্প, কাতলা, রুই, সরপুটিসহ প্রায় ১০ প্রজাতির বিভিন্ন মরে ভেসে ওঠে। প্রথমে দুই/একটি করে মাছ ভেসে উঠে।

পরে একের পর এক মাছ মৃত/অর্ধমৃত অবস্থায় ভেসে উঠতে থাকে। একপর্যায়ে পুকুরের সমস্ত মাছ মৃত অবস্থায় পানির উপরে ভেসে ওঠে। ধারণা করা হচ্ছে, রাতে পুকুরের পানি বিষ বা কীটনাশক জাতীয় কোনো পদার্থ দুর্বৃত্তরা মিশিয়ে দিয়েছে।

ভুক্তভোগী খা‌লেক শ‌নি জানান, সকালে প্রতিবেশীরা খবর দিলে পুকুরে গিয়ে দেখি মাছ মরে ভাসতেছে। পুকুরে প্রায় ৪ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ ছিল। এর মধ্যে বিক্রি উপযোগী মাছও ছিল। রাতে কেউ শত্রুতা করে বিষ ছিটিয়েছে। তা না হলে হঠাৎ করে সব মাছ মরে যাওয়ার কথা না।'

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হো‌সেন ব‌লেন, ‘খবর পে‌য়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পে‌লে আইনগত ব‌্যবস্থা গ্রহণ করা হ‌বে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত