মানুষ পারে না এমন কোনো জিনিস নেই: মিরাজ

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১১:৪৭ পিএম

‘একটা জিনিস কি, মানুষ পারে না এমন কোনো জিনিস নেই। শুধু দরকার বিশ্বাসটা রাখা।’- আফগানিস্তানের বিপক্ষে অবিশ্বাস্য এক জয়ের পর ম্যাচসেরা মেহেদী হাসান মিরাজ এভাবেই জানাচ্ছিলেন অনুভূতি।

২১৬ রান তাড়ায় ৪৫ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। সেখান থেকে আফিফ হোসেন ধ্রুবকে নিয়ে এই বিশ্বাসেই জোড়েই জয় ছিনিয়ে নিয়েছেন মিরাজ।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে বললেন, ‘আফিফকে বলছিলাম, এই একটা ম্যাচ, যেটা আমরা দুজনে জেতাতে পারি। আমার মনে হয়, এই বিশ্বাসটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি বিশ্বাস করি, আমরা জেতাতে পারি, তাহলে আমরা জিতব।’

বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ৪ উইকেটে জিতেছে বাংলাদেশ। ‍সুবাদে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেছে ১-০ তে।

লক্ষ্য তাড়ায় ব্যাটিং অর্ডারে ধস নামলেও আফিফ ও মিরাজ সপ্তম উইকেটে অবিচ্ছিন্ন ১৭৪ রানের জুটি গড়েন। সপ্তম উইকেটে এটি শুধু বাংলাদেশের সেরা জুটিই নয়, ওয়ানডেতে সব মিলেই দ্বিতীয় সর্বোচ্চ জুটি এটি। মাত্র ৩ রান বেশি নিয়ে এক নম্বরে ইংল্যান্ডের জস বাটলার ও আদিল রশিদ।

১১৫ বলে ১১ চার ও ১ ছক্কায় অপরাজিত ৯৩ রান করেন আফিফ। অন্য প্রান্তে মিরাজ ১২০ বলে ৯ চারে অপরাজিত ৮১ রান করেন। ব্যাটিংয়ের সঙ্গে দারুণ বোলিং করায় ম্যাচসেরা হয়েছেন মিরাজ।

ম্যাচ শেষে সঙ্গী আফিফকে কৃতিত্ব দিয়েছেন মিরাজ, ‘আফিফ অসাধারণ ইনিংস খেলেছে। সত্যি কথা বলতে, ওর ওই ব্যাটিং দেখে আমারও আত্মবিশ্বাস এসেছে। কারণ, আমি প্রথম দিকে একটু নার্ভাস ছিলাম।’

আফিফকে নিয়ে মিরাজ আরো বলেন, ‘ও আমাকে একটা কথা বলেছে, ‘‘মিরাজ ভাই আমরা বল টু বল খেলি। যা হবে পরে দেখা যাবে। চিন্তা করার দরকার নাই যে, অনেক রান দরকার। আমরা শুধু একটা ওভার ব্যাটিং করি। একটা রান, দুইটা রান করে এগোলে আমরা জিততে পারব কি পারব না সেটা পরের কথা; কিন্তু দলকে একটা অবস্থানে নিয়ে যেতে পারব।’’ ও আমাকে অনেক আত্মবিশ্বাস দিয়েছে এবং অসাধারণ ব্যাটিং করেছে।’

মিরাজ ধন্যবাদ দিয়েছেন দর্শকদেরও, ‘দর্শক যারা মাঠে ছিলেন, তারা অনেক সমর্থন দিয়েছেন। খুব ভালো লেগেছে। তাদের অনেক অনেক ধন্যবাদ।’

আরো পড়ুন

ফজলহককে হতাশ করে জয় ছিনিয়ে নিলেন আফিফ-মিরাজ

ভাবিনি এই ম্যাচ জিততে পারবো: তামিম

জাস্ট নরমাল ক্রিকেট খেলাই ছিল লক্ষ্য: আফিফ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত