ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নাজিরুল ইসলাম (৩৫) নামে এক অটো চালকের লাশ উদ্ধার করেছে আখাউড়া থানা-পুলিশ। বুধবার দিবাগত রাত সোয়া একটার সময় পৌর শহরের মসজিদপাড়া বাইপাস পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত নাজিরুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দা গ্রামের মৃত আবুল ছালেকের ছেলে।
তিনি গত ৪/৫ বছর ধরে আখাউড়া পৌরশহরের দুর্গাপুর টিটু মিয়ার বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালাতেন।
নিহতের স্ত্রী মাহমুদা আক্তার তার লাশ শনাক্ত করেছে। এ সময় মরদেহের পাশ থেকে একটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, আখাউড়া থানার মঈন উদ্দিন সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে রাতে টহলরত অবস্থায় রাত সোয়া ১টার দিকে পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন রাস্তার পাশে এক ব্যক্তিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
পরে তাকে উদ্ধার করে আখাউড়া থানায় নিয়ে আসে। নিহত ব্যক্তির বাম পায়ের ঊরুতে ছুরির কাটা আঘাত, দুই হাতের বৃদ্ধাঙ্গুলে কাটা চিহ্ন পাওয়া গিয়েছে।
নিহতের স্ত্রী মাহমুদা বেগম বলেন, সন্ধ্যায় অটো নিয়ে বের হয়ে। রাতে ফিরে না আসায় খোঁজাখুঁজি করি। পরে খবর পেয়ে আখাউড়া থানায় এসে লাশ শনাক্ত করি।
এ বিষয়ে লাশ উদ্ধারকারী আখাউড়া থানার সাব ইন্সপেক্টর মঈন উদ্দিন বলেন, রাতে টহল দেওয়ার সময় এক রাস্তার পাশে এক ব্যক্তিকে পরে থাকতে দেখে কাছে গিয়ে তাকে মৃত অবস্থায় পেয়ে থানা নিয়ে আসি।
এ বিষয়ে জানতে চাইলে আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
