যুদ্ধ বন্ধ করার জন্য রাশিয়ার প্রতি ফের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
একটি ভিডিও বার্তায় তিনি বলেন, ‘কীভাবে বৈরিতার অবসান ঘটানো যায় এবং যুদ্ধ বন্ধ করা যায়, এ নিয়ে আগে বা পরে আমাদের সঙ্গে আলোচনায় বসতে হবে রাশিয়াকে।’
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘যত তাড়াতাড়ি এই আলোচনা শুরু হবে, রাশিয়ার ক্ষয়ক্ষতি তত কম হবে।’
তিনি আরও বলেন, ‘যতক্ষণ পর্যন্ত হামলা বন্ধ না হবে, আমরা আমাদের দেশ রক্ষায় লড়াই করে যাবো।’
জেলেনস্কি বলেন, রাজধানী ছেড়ে যেতে তার কোনো ইচ্ছা নেই, যদিও তিনি জানেন, তিনিই রাশিয়ার এক নম্বর লক্ষ্য।
রাশিয়ার হামলা বন্ধে পশ্চিমা দেশগুলোর প্রতি সহায়তার জন্য অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আজ সকালে আমাদের একাই দেশ রক্ষায় যুদ্ধ করতে হচ্ছে। গতকালও বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলো দূরে দাঁড়িয়ে পরিস্থিতি দেখেছে।’
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘গতকালের নিষেধাজ্ঞায় রাশিয়ার কি কিছু হয়েছে? (এখানে যা ঘটছে, তাতে) আমরা দেখতে পাচ্ছি, রাশিয়াকে ঠেকাতে এসব যথেষ্ট নয়।’
