ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কি কিয়েভের রাস্তা থেকে একটি ভিডিও প্রকাশ করে জানিয়েছেন তিনি সেখানেই আছেন।
ওই ভিডিওতে তিনি বলেছেন, আমরা সবাই এখানে আছি।
এর আগে রুশ গণমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে যে তিনি রাজধানী ছেড়ে পালিয়ে গেছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওতে তার পাশে ছিলেন প্রধান উপদেষ্টা এবং তার প্রধানমন্ত্রী।
জেলেনস্কি বলেন, আমরা আমাদের স্বাধীনতা এবং রাষ্ট্রকে রক্ষা করছি। আমরা তা অব্যাহত রাখব।
বৃহস্পতিবার ভোর থেকে ইউক্রেনে হামলা শুরু করেছে রাশিয়া। রুশ সৈন্যরা উত্তর, দক্ষিণ এবং পূর্ব দিক দিয়ে ইউক্রেনে ঢুকে পড়ে, বড় বড় শহর ও সেনা ঘাঁটিতে রুশ ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া যায়। হামলার দ্বিতীয় দিনেই রুশ সেনারা ইউক্রেনের রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে।
শুক্রবার ইউক্রেনের রাজধানী কিয়েভের প্রধান একটি বিমানবন্দর এবং বিমানঘাঁটি দখলে নিয়ে নিয়েছে রাশিয়ান সেনারা। প্রায় ২০০ হেলিকপ্টার ব্যবহার করে অভিযান চালিয়ে ইউক্রেনের দুই শতাধিক সৈন্যকে হত্যার পর হোসটোমেল নামের ওই বিমান ঘাঁটি দখল নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এর আগে রাশিয়ান সেনারা ইউক্রেনের রাজধানী কিয়েভের আন্তোনভ নামের আরেকটি বিমান ঘাঁটিও দখল করে নেয়।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে, তাদের সঙ্গে যুদ্ধের দুদিনেই রাশিয়ার ১,০০০ জনের বেশি সেনা নিহত হয়েছে।
