লুটপাটের জন্যই গণপেনশন ব্যবস্থা চালু করছে সরকার: ফখরুল

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৩২ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতায় টিকে থাকতে দেশের সকল জায়গায় সরকার লুটপাট করছে। আওয়ামী লীগ লুটেরা দলে পরিণত হয়েছে। লুটপাট করে বিদেশে টাকা পাচার করছে। তারা এখন লুটপাটের জন্য গণপেনশন ব্যবস্থা চালু করছে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং উপজেলা পর্যায়ে টিসিবি’র পণ্য বিক্রির দাবিতে শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘করোনা টিকা নিয়ে সরকার প্রথম থেকে দুর্নীতি করছে। আবারও দুর্নীতির দ্বার উন্মোচনে গণপেনশনের প্রস্তাব দিয়েছে। মানুষ আওয়ামী লীগকে তাদের সবচেয়ে বড় শত্রু মনে করছে।’

তিনি বলেন, ‘আজকে সরকার নিজে এবং সমস্ত প্রশাসনযন্ত্রকে দুর্নীতির আখড়া বানিয়ে ফেলেছে। ওয়াসার এমডিকে তিনবার চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। ব্যক্তি বিশেষকে দুর্নীতির সুযোগ করে দিয়েছে সরকার।’

‘এই দুর্নীতির কারণে পানির মূল্য বৃদ্ধি পাচ্ছে। কুইক রেন্টাল প্রকল্পে দুর্নীতির কারণে বিদ্যুতের দাম বাড়ছে। এদের জন্য আবার সংসদে দায়মুক্তি আইন করা হয়েছে’ যোগ করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, ‘মার্কিন নিষেধাজ্ঞা তোলার জন্য সরকার মাসে ২০ লাখ ডলার খরচ করে লবিস্ট নিয়োগ করেছে। জনগণের করের টাকা থেকে লবিস্টের টাকা দেওয়া হবে। কেন লবিস্ট নিয়োগ করেছেন? ধর্মের কল বাতাসে নড়ে। আজকে চতুর্দিকে সরকারের নড়বড়ে অবস্থা।’

মির্জা ফখরুল বলেন, ‘আমরা রাস্তায় নেমে গেছি। তরুণ সমাজের উদ্দেশে বলতে চাই- আপনারা জেগে উঠুন। সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান আসুন আমরা একসঙ্গে আন্দোলন করি এবং আমাদের বিজয় সুনিশ্চিত করি।’

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশ শুরু হওয়ার কথা ছিল দুপুর ২টায়। কিন্তু বেলা সাড়ে ১১টা থেকেই মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেন। এ সময় পুলিশ সদস্যদের সতর্ক অবস্থান নিতে দেখা যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত