সরকারের গুনগ্রাহী কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারবে না: চরমোনাই

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৬:১৮ পিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব) চরমোনাই বলেছেন, নতুন নির্বাচন কমিশন সরকারের গুনগ্রাহী। নবগঠিত নির্বাচন কমিশন নিরপেক্ষ থেকে জনগণের চাহিদা অনুযায়ী অবাধ, সুষ্ঠু নির্বাচন করতে পারবে বলে দেশবাসী মনে করে না। আওয়ামী সরকার নিজেদের খেয়াল খুশি অনুযায়ী যে নির্বাচন কমিশন গঠন করেছে তারা অতীতের কমিশনের মতোই আওয়ামী লীগের পক্ষে কাজ করবে

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে রবিবার দুপুরে চরমোনাইতে অনুষ্ঠিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, আমরা বারবার রাষ্ট্রপতির সংলাপে গিয়ে কিছু সময় নষ্ট করেছি, কিন্তু তাতে জনগণের কোনো কল্যাণ হয়নি। স্বাধীনতার পঞ্চাশ বছরেও ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। দুর্নীতি বন্ধ হয়নি।

তিনি বলেন, বর্তমান সরকার স্কুল কলেজ থেকে ইসলামি শিক্ষা উঠিয়ে দেয়ার চক্রান্ত শুরু করেছে। দুঃখজনকভাবে বলতে হচ্ছে- মুসলিমপ্রধান বাংলাদেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের নামে হারাম মদকে হালাল করার আয়োজন চূড়ান্ত করছে।

তিনি আরও বলেন, ক্ষমতার রাজনীতির সিঁড়ি হিসেবে স্বার্থান্বেষীরা ছাত্র জনতাকে এক সময় অস্ত্রের মাধ্যমে তাদের স্বীয় আদর্শ বিনষ্ট করে দিত, আর এখন আইনি বৈধতার মাধ্যমে মাদক হাতে তুলে দিয়ে আওয়ামী সরকার তাদের জীবন ধ্বংস করে দেয়ার পাঁয়তারা করছে। প্রস্তাবিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিধিমালা বাস্তবায়িত হলে দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিপজ্জনকভাবে ভেঙে পরবে। এমতাবস্থায় ছাত্র জনতা নিজেদের চরিত্র গঠন ও বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে ইসলামী ছাত্র আন্দোলনের প্রতি আস্থা রাখতে পারে।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জেনারেল শেখ মুহাম্মাদ আল-আমীনের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির আল্লামা আব্দুল হক আজাদ, প্রেসিডিয়াম সদস্য আল্লামা নূরুল হুদা ফয়েজী, অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, আলহাজ আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহসভাপতি শরিফুল ইসলাম রিয়াদ প্রমুখ।

আগামীকাল সোমবার সকাল ৮টায় আখেরি মোনাজাতের মাধ্যমে চরমোনাইর তিন দিনব্যাপী মাহফিল সমাপ্ত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত