ইউক্রেনে ২৯ বাংলাদেশি নাবিক নিয়ে জাহাজ আটকা

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৯:২০ পিএম

ইউক্রেনের একটি বন্দরে ২৯ নাবিক নিয়ে আটকা পড়েছে বাংলাদেশের একটি জাহাজ।

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’ রাশিয়ার সামরিক অভিযান শুরুর আগেই ইউক্রেনের ওলভিয়া বন্দরে গিয়েছিল। জাহাজে থাকা ২৯ নাবিকের সবাই বাংলাদেশি।

রবিবার বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মহাব্যবস্থাপক ক্যাপ্টেন মুজিবুর রহমান ওই বন্দরে আটকে পড়ার খবর সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

তিনি বলেন, জাহাজটি বর্তমানে সেখানে নিরাপদে নোঙর করে আছে। সব নাবিক সুস্থ ও নিরাপদে রয়েছেন। জাহাজটিতে পর্যাপ্ত পরিমাণে খাবার ও পানি রয়েছে। নাবিকদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। আশা করছি চ্যানেল ক্লিয়ার হলে দুদিনের মধ্যেই সেটি যাত্রা শুরু করতে পারবে।

সমুদ্রগামী জাহাজ এমভি বাংলার সমৃদ্ধি ২০১৮ সালে বিএসসির বহরে যুক্ত হয়। গত ২২ ফেব্রুয়ারি এমভি বাংলার সমৃদ্ধি নামের ‘বাল্ক ক্যারিয়ার’ জাহাজটি ইউক্রেনের ওই বন্দরে পৌঁছায়। তুরস্কের এরেগলি বন্দর থেকে গত ২১ ফেব্রুয়ারি খালি অবস্থায় সেটি ওলভিয়া বন্দরে যায়।

জাহাজটি ইউক্রেনের বন্দর থেকে পণ্য তোলার কথা থাকলেও ওই বন্দরের দৈনন্দিন কার্যক্রম বন্ধের কারণে তা বাতিল করা হয়েছে বলে জানান বিএসসি কর্মকর্তা মুজিবুর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত