মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ শুরু হচ্ছে ৪ মার্চ। নিউজিল্যান্ডে হতে যাওয়া এই আসরে খেলবে বাংলাদেশের মেয়েরাও।
এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেললেও বাংলার মেয়েরা ওয়ানডে বিশ্বকাপে খেলবে এবারই প্রথম। স্বাভাবিকভাবেই এই আসর ঘিরে রোমাঞ্চিত নিগার সুলতানা, সালমা খাতুন, রোমানা আহমেদ, জাহানারা আলমরা।
টুর্নামেন্ট শুরুর আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা বলেছেন, ওয়ানডে বিশ্বকাপের অভিষেক আসর স্মরণীয় করে রাখতে উন্মুখ তারা।
ভারতকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপে শিরোপা জেতা, চারবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অভিজ্ঞা এই আসরে কাজে লাগাতে চায় বাংলাদেশ।
নিগার বলেন, ‘আমি মনে করি, এটা আমাদের সবার জন্য বড় সুযোগ। এর জন্য আমরা কঠোর পরিশ্রম করছি। এটা আমাদের প্রথম বিশ্বকাপ। এখানে ভালো করতে পারাটা বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় একটি ব্যাপার হবে বলেই আমি মনে করি।’
নিউজিল্যান্ডের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে গত ৩ ফেব্রুয়ারি দেশ ছাড়ে বাংলাদেশ। মূল মঞ্চে নামার আগে অনুশীলন সেশন ভালো হয়েছে বলে জানান নিগার।
বলেন, ‘আমরা এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ অনুশীলন সেশন করেছি। উইকেট ও কন্ডিশন বোঝার চেষ্টা করছি। আমি মনে করি মেয়েরা খুব ভালো করেছে।’
নিউজিল্যান্ডের কন্ডিশন অচেনা হলেও ছেলেদের দলের অনেকের কাছ থেকে ধারণা নিয়েছেন বলে জানান নিগার। এ বছরের শুরুতে নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট ম্যাচ জিতেছে মুমিনুল হকের দল। নিউজিল্যান্ডের পরিবেশ সম্পর্কে নিজ দেশের নারী ক্রিকেটারদের ধারণা দিয়েছেন মুমিনুল-এবাদতরা।
নিগার বলেন, ‘অনেকের সাথেই আমাদের ভালো সম্পর্কে আছে। তারা এখানকার কন্ডিশন সম্পর্কে ও এখানে কিভাবে খেলা উচিত, সে সব নিয়ে কথা বলেছে।’
টুর্নামেন্টে অংশ নেওয়া আট দলের মধ্যে স্বাগতিক হিসেবে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেয়েছে নিউজিল্যান্ড। আর ২০১৭-২০ সালের মধ্যে আইসিসি নারী চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকায় ওপরের দিকে থাকায় সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট পায় অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারত।
বাছাই পর্ব খেলতে হয়েছে বাংলাদেশসহ অন্যান্য দলগুলোকে। কিন্তু করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রন ছড়িয়ে পড়ায় জিম্বাবুয়ের মাটিতে হওয়া বাছাই পর্ব মাঝপথেই বাতিল হয়।
র্যাঙ্কিংয়ের উপরের দিকে থাকায় বাংলাদেশ, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে খেলার সুযোগ পায়।
৫ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।
