ক্যানসার আক্রান্ত প্রেমিকাকে বিয়ে করলেন প্রবাসী যুবক

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৫১ পিএম

জেনে শুনে কোনো অসুস্থ পাত্রীকে কেউ বিয়ে করে? তাও যদি হয় মরণব্যাধি ক্যানসার আক্রান্ত। পাত্রী যত সুন্দরী হোক, একদিকে অসুস্থ অন্যদিকে ব্যয়বহুল চিকিৎসার কথা চিন্তা করে বিয়ে করার সাহস দেখানো খুবই কঠিন সিদ্ধান্ত। সমাজ-বাস্তবতার এমন কঠিন ক্ষণে প্রেমের অনন্য নজির স্থাপন করলেন এক যুবক। ইসমাইল সাহারাজ (২৫) নামে এক যুবক ক্যানসার আক্রান্ত প্রেমিকাকে বিয়ে করেছেন।

চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের পারকুল গ্রামের আব্দুল গফুর ও জাবেদা খাতুনের দুই ছেলে এক মেয়ের মধ্যে সবার ছোট ইসমাইল। চুনারুঘাট কলেজ থেকে এইচএসসি পাশ করার পর ২০১৭ সালে তিনি ওমানে চলে যান। একই কলেজের ইন্টারমিডিয়েটের ছাত্রী জবা ফরায়েজির সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার। ২০১৭ সালের এপ্রিলে জবার দেহে ব্লাড ক্যানসার ধরা পড়ে। চুনারুঘাট উপজেলা সদরের আমকান্দি এলাকার কৃষক আমির আলীর দুই মেয়ে ও এক ছেলের মধ্যে বড় জবা। জবা এখন নর্থ-ইস্ট আইডিয়াল পলিটেক ইনস্টিটিউটের কম্পিউটার ডিপ্লোমা বিভাগের ছাত্রী।

জবা বলেন, ‘ক্যানসার ধরা পড়ার পরেই ইসমাইলকে এড়াতে শুরু করি। সে বিদেশ থেকে কল দিত। আমি বেশি কথা বলার সুযোগ দিতাম না। কারণ আমি চাইনি আমার অনিশ্চিত জীবনের সঙ্গে আমাদের সম্পর্ক অটুট থাকুক। আমার প্রতি তার আগ্রহ দেখে বরং নিজে খুব ব্যথা পেতাম।’

এদিকে মায়ের অসুস্থার খবর পেয়ে চলতি বছরের ১৪ জানুয়ারি দেশে ফেরেন ইসমাইল। তিনি বলেন, জবাকে বিয়ে করার ইচ্ছার কথা অ্যাডভোকেট মোস্তাক বাহার ভাইকে জানালে তিনি পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে জানানোর পরামর্শ দেন। কিন্তু পরিবারের সদস্যরা জবার বিষয়ে প্রথমে রাজি না হলেও পরে সম্মতি দেন।

রবিবার দুপুরে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে দেড় লাখ টাকার মোহরানায় তাদের বিয়ে সম্পন্ন হয়।

জবা বলেন, আমার সবকিছু জেনেও ইসমাইল আমাকে বিয়ে করেছে দায় দায়িত্ব নিয়েছে এ জন্য আমি অনেক খুশি।

ইসমাইল বলেন, আমি জবাকে খুব ভালোবাসি। আমাদের একদিন মরতে হবে। যেহেতু কে আগে কে পরে মরবে কোনো গ্যারান্টি নেই। তাই সিদ্ধান্ত নিয়েছিলাম বিয়ে করলে জবাকে করব এবং করেছিও। জবা ও আমার জন্য সকলে দোয়া করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত