গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১৫

আপডেট : ০১ মার্চ ২০২২, ১২:৪৮ পিএম

গোপালগঞ্জে বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যানের এলাকায় প্রভাব বিস্তার নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন।

মঙ্গলবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের পার চন্দ্র দিঘলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মিঠুন মোল্লাকে (২৫) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. ম‌নিরুল ইসলাম ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন।

এলাকাবাসী ও আহত‌দের সূত্রে জানা গে‌ছে, গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রানা মোল্লা ও সাবেক চেয়ারম্যান আবেদ শেখের মধ্যে এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন দ্বন্দ্ব চলে আসছিল।

এ ঘটনার জের ধরে মঙ্গলবার সকালে উভয় পক্ষের সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গুলিবিদ্ধ মাসুদ মোল্যা জানান, সংঘর্ষের সময় আবেদ শেখের লোকজন বন্দুক দিয়ে ছড়া গুলি মারে। এতে আমাদের বেশ ক‌য়েকজন সমর্থক গুলিবিদ্ধ হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত