ময়মনসিংহ মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির মিথ্যা অপবাদ দেওয়ায় এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবিতে দ্বিতীয় দিনের মতো ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।
শিক্ষকদের এক সভায় ৪৮ ঘণ্টা লাগাতার ক্লাস ও পরীক্ষা বর্জনের কর্মসূচির অংশ হিসেবে সোমবারের পর মঙ্গলবারও (১ মার্চ) সকাল থেকে শিক্ষকরা কোনো ক্লাসে যোগদান করেননি। শিক্ষার্থীরাও ক্লাসে আসেননি। গোটা ক্যাম্পাস ছিল ফাঁকা।
তবে, হাসপাতালের চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।
সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক মনির হোসেন ভূঁইয়া বলেন, একজন অধ্যাপকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। তদন্তের মাধ্যমে এই ঘটনায় জড়িত দোষীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ক্লাস-পরীক্ষা বর্জন করা হয়েছে।
প্রসঙ্গত, সার্জারি বিভাগের অধ্যাপক আবুল কালাম আজাদ এর বিরুদ্ধে এম-৫৩ ব্যাচের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ এনে ২৩ ফেব্রুয়ারি কলেজ ক্যাম্পাসে অধ্যাপকের অপসারণ দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এরই প্রতিবাদে ২৭ ফেব্রুয়ারি কলেজের সর্বস্তরের শিক্ষক, চিকিৎসক, এম-৫৩ ব্যাচের শিক্ষার্থীসহ অন্যান্য শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে দোষীদের বিচার দাবিতে আন্দোলনে নামেন।
এদিকে, এই ঘটনায় গাইনি বিভাগের প্রধান ডা.তাইয়্যেবা তানজিন মির্জাকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা.চিত্তরঞ্জন দেবনাথ।
তদন্ত কমিটির আহ্বায়ক ও হাসপাতালের গাইনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. তায়েবা তানজিলা মির্জা বলেন, আমরা বৃহস্পতিবার পর্যন্ত তদন্তকাজের নির্দেশনা পেয়েছি। আশা করি এ সময়ের মধ্যেই সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কথা বলে প্রতিবেদন দিতে পারবো।
