অভিনয়শিল্পীসহ অন্যান্য কলাকুশলীদের ফ্রি চিকিৎসা সেবা দিতে প্রতি মাসের ১ তারিখ রাজধানীর নিকেতনে অভিনয়শিল্পী সংঘের অফিসে থাকছেন ডা. এজাজুল ইসলাম।
এদিন সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত তিনি অভিনয়শিল্পী সংঘের অফিসে বসবেন বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি আহসান হাবিব নাসিম।
আজ মঙ্গলবার সংগঠনের কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে এই কার্যক্রমের সূচনা করা হয়।
অভিনয়শিল্পী ছাড়াও ক্যামেরা, লাইট, প্রডাকশন, মেকআপ ও পরিবহনে যুক্ত কুশলীরাও এ সুযোগ পাচ্ছেন।
আহসান হাবিব নাসিম জানান, বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও পরামর্শ পেতে প্রতি মাসের ২০ তারিখের মধ্যে নাম ও আইডি জানিয়ে বার্তা পাঠাতে হবে ০১৫৩৫৪৮২১৭২ নম্বরে।
সরাসরি অফিসে এসেও রেজিস্ট্রেশন করা যাবে। এ ছাড়া আইন ও কল্যাণ সম্পাদক ঊর্মিলা শ্রাবন্তী করের সঙ্গে যোগাযোগ করে এ সুযোগ পাওয়া যাবে।
অভিনয়ের পাশাপাশি চিকিৎসক হিসেবেও সুনাম রয়েছে ডা. এজাজের। তিনি ঢাকা মেডিকেল কলেজের নিউক্লিয়ার মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান।
