বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ

মনোনয়ন কিনলেও বোর্ডে উপস্থাপন হয়নি, যুথির অভিযোগ

আপডেট : ০১ মার্চ ২০২২, ১১:২৪ পিএম

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থী মনোনয়ন প্রক্রিয়ার নিয়ে অভিযোগ উঠেছে।

সাধারণ সম্পাদক মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথী অভিযোগ করেছেন, তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করলেও সংগঠনের মনোনয়ন বোর্ডের সভায় যে প্রার্থী তালিকা উপস্থাপন করা হয়েছে সেখানে তার নাম কেটে দেওয়া হয়েছে। যুথী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সহধর্মীনি।

নাহিদ সুলতানা যুথী বলেন, সাধারণ সম্পাদক পদের প্রার্থী হিসেবে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ফরম সংগ্রহের পর প্রক্রিয়া মেনে জমা দেওয়া হলেও সেই ফরম দলীয় বোর্ডে উপস্থাপন করা হয়নি।

তিনি বলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের পক্ষে সম্পাদক হিসেবে গত ১৩ ফেব্রুয়ারি দলীয় নমিনেশন পত্র কেনেন। পরে গত ১৬ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র জমা দেন।

ফরম দাখিল করার পরও মনোনয়ন বোর্ডে জমা না হওয়ার কারণ জানতে চেয়ে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক বরাবর চিঠি পাঠিয়েছেন যুথী।

চিঠিতে যুথী বলেন, ‘নির্ভরযোগ্য সূত্রে জানতে পারি, আমার জমাকৃত নমিনেশন পেপার, নমিনেশন বোর্ডে দুরভিসন্ধিমূলক ও বিতর্কিতভাবে উপস্থাপন করা হয়নি।’

বিষয়টিকে গণতান্ত্রিক পদ্ধতির পরিপন্থী বলে চিঠিতে উল্লেখ করেন তিনি বলেন, ‘ন্যায়বিচারের স্বার্থে বিষয়টি সুবিবেচনাপূর্বক তদন্ত করে নমিনেশন পদ্ধতি বিতর্কিত না করে গ্রহণযোগ্য করতে কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। ’

যুথী বলেন, ‘আমার মনোনয়নপত্র জমা দেওয়ার পর মনোনয়ন বোর্ডে উপস্থাপনের জন্য তালিকাভুক্ত করা হয়। পরে মনোনয়ন বোর্ডে সেই তালিকা উপস্থাপনকালে আমার নাম কেটে দেওয়া হয়। মনোনয়ন বোর্ডের সদস্যরা তালিকায় সম্পাদক পদে প্রার্থিতার একটি নাম কাটা দেখতে পেয়ে সেই বিষয়ে সদস্য সচিবের কাছে জানতে চান। তখন সদস্য সচিব এই বিষয়টি এড়িয়ে যান। ’

যুথীর অভিযোগের বিষয়ে জানতে চা্ইলে কোনো মন্তব্য করতে রাজি হননি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক ইউসুফ হোসেন হুমায়ূন। তিনি বলেন, ‌‘আমার কাছে এ ধরনের কোনো অভিযোগ আসেনি।’

এ বিষয়ে জানতে চাইলে ইউসুফ হোসন হুমায়ূন বলেন, ‘আমি কোনো চিটি পাই নি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত