চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলওয়ে স্টেশনকে পূর্ণাঙ্গ রেলবন্দর ঘোষণার দাবিতে গতকাল মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের ব্যানারে বেলা ১১টায় রহনপুর এবি সরকারি উচ্চবিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে রহনপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে রেলস্টেশন এলাকায় গিয়ে মিছিলটি সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ জিয়াউর রহমান, সাবেক সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান প্রমুখ। সমাবেশে বক্তারা অবিলম্বে রহনপুর রেলবন্দর বাস্তবায়নের দাবি জানিয়ে ৩ মার্চ রহনপুর রেলস্টেশন প্ল্যাটফর্মে ২ ঘণ্টার অবস্থান কর্মসূচি ঘোষণা করেন।
